প্রাণিসম্পদের ওষুধ কেনা

সরকারের প্রাণিসম্পদ ঔষধাগারের জন্য প্রায় ২৫ কোটি টাকার ওষুধ কেনার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, টেন্ডারগুলোতে এমন শর্ত দেওয়া হয়েছে, যাতে গত ১৫ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরের সব টেন্ডার নিয়ন্ত্রণ করা ‘আওয়ামী সিন্ডিকেটরা’ই কাজ পায়। গত ৪ ডিসেম্বর আহ্বান করা এই টেন্ডারে কারসাজির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়ে লিখিত অভিযোগও জানিয়েছে বঞ্চিত বলে দাবিদার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
টুডে অ্যাগ্রো ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রেদোয়ান রিশাদ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কাছে দেওয়া লিখিত অভিযোগে টেন্ডার বাতিলের পক্ষে তাঁর যুক্তি তুলে ধরেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘টেন্ডারে বৈষম্যমূলক শর্ত থাকায় আমরা অংশ নিতে পারি নাই। প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা. এস এম আমিনুল ইসলাম একটি গোষ্ঠীর স্বার্থরক্ষায় এমন টেন্ডারের আয়োজন করেছেন।’
টুডে অ্যাগ্রো ট্রেডিংয়ের লিখিত অভিযোগে বলা হয়েছে, টেন্ডারের ৩০টি লটের প্রতিটিতে একটি একচেটিয়া পণ্য দেওয়া হয়েছে, যা কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ সরবরাহ করতে পারবে না। যেমন, ভেটেরিনারি ওষুধ এবং কেমিক্যাল কোড ৩২৫২১০৫-এর অন্তর্ভুক্ত ৪ নম্বর লটের ইমিডাক্লোপ্রাইড বিপি-২০ গ্রাম এবং সিআইএস-৯-ট্রাইকোসিন বিপি-২ গ্রাম শুধু ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে। প্যাকিংয়ের ক্ষেত্রে কিছু লটে একচেটিয়া প্যাকিংয়ের শর্ত দেওয়া হয়েছে, যা নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ সরবরাহ করতে পারবে না। কিছু লটে একটি করে আমদানিকৃত একচেটিয়া পণ্য দেওয়া হয়েছে। টেন্ডারে আরেকটি বৈষম্যমূলক শর্ত ছিল, বিগত ১৫ বছর যেসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করতে পেরেছে, তারাই শুধু এতে অংশ নিতে পারবে। মো. রেদোয়ান রিশাদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে মূলত তাদের ঘনিষ্ঠরাই টেন্ডার পেয়ে এসেছে।
প্রাণিসম্পদ ঔষধাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি কোম্পানিকে কাজ দিতে এই টেন্ডারের আয়োজন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে মো. রেদোয়ানের অভিযোগে উল্লেখ করা ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্রিজ ফার্মাসিউটিক্যালসের মালিকানায় রয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হকের স্ত্রী ফারজানা মোজাম্মেল, মীর শহীদুল হক প্রমুখ। আর সুপার পাওয়ার ফার্মাসিউটিক্যালসের মালিক প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা. হাবিবুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোম্পানি দুটি দাপটের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করত।
টেন্ডারে কারসাজির অভিযোগের সম্মুখীন প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা. এস এম আমিনুল ইসলাম আগে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। গত ২৫ আগস্ট ৪১০ জনকে টপকে তাঁকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। আমিনুল ইসলামের গ্রেডেশন নম্বর ১৩৬১। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা যায়, গ্রেডেশন নম্বর ৯৪৭-এর পরেই তিনি পদোন্নতি পেয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেছেন, যে সিন্ডিকেটের তদবিরে আমিনুল ইসলাম বিধি লঙ্ঘন করে বিশেষ পদোন্নতি পেয়েছেন, এখন তিনি তাদের স্বার্থরক্ষাতেই সক্রিয় রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করে ও মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক জসিম আজকের পত্রিকাকে বলেন, ‘টেন্ডার নিয়ে সংক্ষুব্ধ পক্ষের অভিযোগ আমরা খতিয়ে দেখব। অভিযোগপত্রে উপস্থাপিত দাবিগুলো সত্যি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে