
সংস্কারের আগে নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘সংস্কার আগে না নির্বাচন প্রশ্নে কোনো ধরনের চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাই করছি।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিশনের কাছে মতামত জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই জানিয়ে আলী রিয়াজ বলেন, ‘এ ক্ষেত্রে স্মরণ করিয়ে দেই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে ক্ষেত্রে ঐকমত্য কমিশনের ওপর চাপের প্রশ্নই আসে না। রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের অবস্থান বলবে। কিন্তু কমিশন হিসেবে আমাদের দায়িত্ব সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো তুলে ধরা এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে তাঁরা আমাদের মতামত জানাবেন। আমরা অপেক্ষা করছি, আশা করছি দু-এক দিনের মধ্যেই তাঁরা মতামত জানাবেন।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রদের সঙ্গে আগামী দুই-তিন দিনে বৈঠক হচ্ছে না। তাদের মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে যেসব দলের সঙ্গে আমরা আলোচনা করব, তার মধ্যে এনসিপিও থাকবে।’
এদিকে আজ ঐকমত্য কমিশনে জামায়াতে ইসলামী সুচিন্তিত মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। দলের আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে দফায় দফায় সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে আলোচনা করেই আমরা লিখিত মতামত জানিয়েছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্যভাবে নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি। নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ ছাড়া সংবিধান ও দুর্নীতিসহ বেশ কিছু ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি।’
রাষ্ট্র সংস্কারে গত বছর সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলো এ বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ঐকমত্যে পৌঁছাতে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
কমিশন পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে ১৬৬টি প্রশ্নের স্প্রেডশিট পাঠায় ৩৮টি দলের কাছে। জামায়াত, এলডিপিসহ এখন পর্যন্ত ১৬টি দল তাদের মতামত দিয়েছে। সংস্কারের বিষয়ে আজ বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে