Ajker Patrika

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৬: ৫১
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্ত সাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে আদালতের মাধ্যমে তাঁর জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর (বেনজীর) কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।’

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি সরকার গতকাল রোববার বিকেলে জানতে পেরেছে। ইউএইর আদালত তাঁকে দেশ ত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত ল ফার্মকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সচিব ইউএইর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে, তার প্রত্যয়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নিয়োজিত ল ফার্মকে বেনজীর আহমেদের প্রত্যাবর্তন (রিপ্যাট্রিয়েশন)-সংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আদালতের মাধ্যমে দ্রুত তাঁর জামিন বাতিল করা যায়।

সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কেন জামিন দেওয়া হলো—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের সিদ্ধান্ত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চান না। তবে সার্টিফায়েড কপি সংগ্রহ করে বিষয়টি পর্যালোচনা ও জামিন বাতিলের আবেদন করতে ল ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত