
বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে যুক্তরাজ্যের এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার ব্রিটিশ এই এমপির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
রূপা হকের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার ছিল। দেশের মানুষ এখন তাঁদের কণ্ঠ ফিরে পেয়েছে; তাদের বাকস্বাধীনতা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।
রূপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।
গত বছর যুক্তরাজ্যের নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে পুনর্নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত নারী রূপা আশা হক। তিনি মোট গণনাকৃত ভোটের ৪৬ দশমিক ৮ শতাংশ পেয়েছেন। লেবার পার্টির মনোনয়নে ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা আশা হক। টানা তিনবার তিনি লেবার পার্টির টিকিটেই জয়লাভ করেন।
রূপা হক বলেন, ‘বাংলাদেশ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।’
অধ্যাপক ইউনূস তাঁকে জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চান তার ওপর।

এ সময় রূপা হক বাংলাদেশে ফিরে এসে পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস তাঁকে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের কারণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জনগণের ওপর দমন-পীড়নের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেন।
বৈঠকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।
এর আগে, রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন।
যুক্তরাজ্য-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধিদল বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছে। ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।
লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ী ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে