
‘দিনে-রাতে কাজ করছেন’ বোঝাতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
এর আগে সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীসহ দেশজুড়ে একের পর এক খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পদত্যাগের দাবির মুখেও তিনি এ মন্তব্য করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি, আপনারা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে-রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে রাতেও ব্রিফ করে।’
উপদেষ্টা বলেন, ‘পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি, আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে।’
অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব ওসি মামলা নিতে গড়িমসি করেছেন, তাঁদের আমরা আইনের আওতায় এনেছি। সাসপেন্ড করেছি। অন্য সময় হলে এটা কিন্তু হতো না। আপনারা দেখেছেন, আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক জ্যেষ্ঠ অফিসারকে ক্লোজ করা হয়েছে। আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে, তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে কিছু (কারও বিপদ) হলে আমরা দৌড়ে যেতাম, এখন গিয়ে মানুষ ছবি ওঠায়। আগের দিন হলে মানুষ দৌড়ে গিয়ে ওই লোকটাকে ধরে ফেলত। মানুষের মন-মানসিকতারও একটু পরিবর্তন হয়েছে। একজন আরেকজনের বিপদে কিন্তু এগিয়ে আসতে হবে।’
সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা ঠিকমতো কাজ করছে কি না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যাঁকে যে কাজ দেওয়া হয়েছে, তাঁরা সেভাবেই তাঁদের কাজটি করে যাচ্ছেন।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই—‘এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক... যেহেতু আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক; কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে