সীমান্তে উত্তেজনা বাড়ানোর মতো উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ। ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ পরামর্শ দেওয়া হয়। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনারকে মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য তলব করা হয়। তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা হাইকমিশনারকে জানান পররাষ্ট্রসচিব।
সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উসকানিমূলক পদক্ষেপ থেকে ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিরত রাখার জন্যও দেশটির সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
পররাষ্ট্রসচিব বলেন, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা, বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে।
আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে বলে জসীম উদ্দিন আশাপ্রকাশ করেন।
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কথা তুলে ধরেন পররাষ্ট্রসচিব। সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ, সকল সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ বারবার হত্যা বন্ধ করার এবং অ-প্রাণঘাতী কৌশল অনুসরণের দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে— এটি গুরুতর উদ্বেগের বিষয়।’
পররাষ্ট্রসচিব বলেন, এই সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এবং সীমান্তে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপায়ে সমাধান করা উচিত।
সাক্ষাতের পর মন্ত্রণালয় ত্যাগের সময় হাইকমিশনার ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্ত অপরাধহীন রাখতে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।
প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’
সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার স্থলসীমান্তের মধ্যে ভারত ৩ হাজার ২৭১ কিলোমিটার দীর্ঘ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে। ৮৭৫ কিলোমিটার বেড়া দেওয়া বাকি আছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে