নেত্রকোনার কেন্দুয়ায় আবারও একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। ৪ মার্চ রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যেই স্থানীয়‘তৌহিদি জনতা’ মিছিল নিয়ে হামলা চালায়। তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেওয়া হয়। এ নিয়ে ৫ মার্চ আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
মূলত আওয়ামী সরকারের পতনের পর থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত হয়। মাঝখানে সামাজিকমাধ্যমে এবং বিভিন্ন প্রতিবাদ সভার কারণে মাজারে হামলা কিছুটা কমে গিয়েছিল। এরপর কিছুদিন আগে টাঙ্গাইলে একইভাবে লালন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে কিছু শর্তের মাধ্যমে সে অনুষ্ঠান আবারও অনুষ্ঠিত হয়। তার পর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সব ক্ষেত্রেই বর্তমান সরকার পুলিশ বাহিনীর ভূমিকার নিষ্ক্রিয়তার অজুহাত তুলে ধরে। কিন্তু আমাদের প্রশ্ন, কোনো জনগণের প্রতি দায়িত্বশীল সরকার এ ধরনের কথা বলে দেশের পরিস্থিতিকে নাজুক করে রাখতে পারে না।
এ ধরনের ঘটনা সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার উদ্বেগজনক পরিস্থিতিকে চিত্রায়িত করে। এই ঘটনাটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে বাধা নয়, বরং ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।
ঘটনার বিবরণে জানা যায়, মাজার কমিটি দীর্ঘদিন ধরে বার্ষিক ওরস পালন করে আসছে। এবার রমজান মাস থাকায় তারা শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু স্থানীয় ‘তৌহিদি জনতা’ তাদের দাবি উপেক্ষা করে ওরস আয়োজন করায় ক্ষুব্ধ হয় এবং হামলা চালায়। তাদের দাবি, মাজারে ‘গান-বাজনা, নাচানাচি ও মাদকসেবন’ চলবে না।
এ ধরনের ঘটনায় ‘তৌহিদি জনতা’র বিরুদ্ধে অভিযোগ এলেও তাদের কেন চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হলো না?
বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বিধান আছে। কিন্তু একশ্রেণির উগ্র ধর্মান্ধ গোষ্ঠী নিজের মতের বাইরে অন্য গোষ্ঠীকে সহ্য করতে পারছে না। সৃষ্টিকর্তার বিচারের দায়িত্ব তারাই গ্রহণ করছে। এতে তারা নিজের ধর্মীয় বিশ্বাসের যে অবমাননা করছে, সে বোধও তাদের মধ্যে কাজ করছে না।
সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের কাজ করতে পারে না। কিন্তু ধর্মীয় স্বার্থের জায়গা থেকে কিছু বিপথগামী মানুষ এদের উসকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে, সে বিষয়টা সচেতনতা দিয়ে বোঝানো গেলে এ ধরনের উগ্রতা মাথাচাড়া দিয়ে উঠবে না।
আমাদের দেশে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য বজায় রাখতে হলে আবার নতুন করে ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতি নির্মাণ করতে হবে।
উগ্রবাদী গোষ্ঠীগুলো সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো করতে হবে।
কেন্দুয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ধর্মীয় অসহিষ্ণুতার বিষ সমাজকে কতটা বিষাক্ত করে তুলতে পারে। এই বিষ রুখতে না পারলে আমরা একটা মানবিক রাষ্ট্র নির্মাণ করতে পারব না।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
৫ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
৫ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
৫ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে