
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
আগামীকাল শনিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তাঁর মৃত্যুতে দলের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েও ২০২০ সাল থেকে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। দীর্ঘদিন পাট–সুতা ও বস্ত্রকল শ্রমিক–কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন তিনি।
১৯৯৩ সালের ১৫ জুন সিপিবির বিশেষ জাতীয় সম্মেলনে শহীদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শহীদুল্লাহ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ থেকে শ্রমিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সংগ্রামী যোদ্ধা। তাঁর মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক শ্রেণি এক বলিষ্ঠ নেতা ও অকৃত্রিম বন্ধুকে হারাল।
শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে