
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই এখন সংসদের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ। এ বিষয়টা চ্যালেঞ্জ। এ সমস্যা এখন জনগণের নিত্যদিনের সমস্যা। কাজেই সংসদে যাঁরা জনগণের প্রতিনিধি, তাঁদের প্রথম চ্যালেঞ্জ এখন এটাই।’
আজ সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা কথা মানবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যবসায়ীরা কথা রাখবে। মিষ্টি কথায় তো চিঁড়ে ভিজে না, কথা যেভাবে বলতে হয়, সেভাবেই বলতে হবে আমাদের। যে অ্যাকশনের দরকার, সে অ্যাকশন নিতে হবে। শুধু হুমকি–ধমকি দিয়ে সমস্যার সমাধান হবে না।’
কাদের বলেন, ‘এখানে অ্যাকশন নিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কারণ, আমাদের দেশের যে বাস্তবতা, সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না। কিছু কিছু কৌশলেও যেতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে। কথায় কথায় কাউকে ধমক দিলে সমস্যা সমাধান হবে না। আমাদের পজিটিভ অ্যাকশনে যেতে হবে। যারা এর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে পজিটিভ অ্যাকশনে যেতে হবে।’
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আজ এক আলোচনা সভায় ‘বাকশাল’ ও ‘১৯৭৫ সাল’ নিয়ে বক্তব্য দিয়েছেন। ইতিহাস হিসেবে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঈন খানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মঈন খান সাহেবদের দল পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে, তারপর ৩ নভেম্বর, ২১ আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্য দিয়ে প্রমাণ করেছে, তারা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার, আলবদরের দল। গর্হিত বক্তব্য দেওয়ার জন্য মঈন খানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
অনেকে বলেছে, লোকজন কেন্দ্রে আসবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কত ভোটার অংশ নিয়েছে, এটা তো এখন পরিষ্কার। এখানে রাখঢাক করার তো কিছু নেই। এটা আমাদের একটা কৌশল। আমরা এই কৌশলটা নিয়েছি, আমাদের দলের ভালোর জন্য এবং কিছুটা জনদাবির মুখে। আমাদের নেতা-কর্মীদের পক্ষ থেকেও এই দাবিটা এসেছে উপজেলা নির্বাচনের প্রতীক না দেওয়ার জন্য। আমাদের ওয়ার্কিং কমিটিরও অনেকে একমত পোষণ করেছেন। সে মোতাবেক আমাদের নেত্রী পূরণ করেছেন।’

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২১ ঘণ্টা আগে