
আবারও সেই রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার আরও একটি শিরোপা জয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে এবার জিতল কোপা দেল রের শিরোপা। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার লক্ষ্য এবার ট্রেবল জয়।
এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সাড়ে তিন মাসে রিয়ালকে হারিয়ে দুটি শিরোপা জয়ের পর কাতালানদের আত্মবিশ্বাস এখন তু্ঙ্গে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—এই দুই শিরোপা জিতলে তারা জিতবে ট্রেবল। সেই লক্ষ্য অর্জনে পাড়ি দিতে হবে অনেক বড় পথ।
ট্রেবল জয়ের যাত্রাটা দীর্ঘ হলেও একটা (কোপা দেল রে) পাওয়ার পর অনেক ক্ষুধার্ত হয়ে উঠেছে বার্সেলোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘এখন অবশ্যই আমরা উদ্যাপন করব। এরপর অবশ্যই আমাদের বিশ্রাম নিতে হবে। প্রচুর বিশ্রামের দরকার। ট্রেবল জয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে এটা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’
কোপা দেল রের ফাইনালে গত রাতে ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭০ ও ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েঁ চুয়ামেনির জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।২-১ ব্যবধানে এগিয়ে থাকা রিয়ালকে হারানো যাবে, সেটা হয়তো বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা কল্পনা করতে পারেননি। কারণ, পিছিয়ে থেকেই রিয়াল যেখানে ম্যাচ জিততে পটু, এগিয়ে থাকা অবস্থায় তাদের হারাবে কে? এখানেই জাদু দেখাল বার্সেলোনা। ৮৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেস।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ২-২ গোলে সমতা হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে করেন জয়সূচক গোল। এভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনার পারফরম্যান্স দেখে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘তাদের পারফরম্যান্স দেখে সত্যিই আমি গর্বিত। তারা যেভাবে খেলেছে, সত্যিই অসাধারণ। তারা যা করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা কখনো হাল ছাড়ে না।’
এ বছরের ১২ জানুয়ারি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। কার্তুজা স্টেডিয়ামে গত রাতে কোপা দেল রের ফাইনালে প্রতিশোধ নেওয়ার সুযোগ রিয়ালের সামনে তৈরি হয়েছিল ঠিকই। তবে সেখান থেকে রূপকথার গল্প লিখে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আরও একটি এল ক্লাসিকো জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচ জেতা সত্যিই বিশেষ কিছু। আমার খেলোয়াড়দের নিয়ে খুশি। গ্যালারিতে থাকা হাজারো ভক্ত-সমর্থকদের এটা প্রাপ্য।’
ট্রেবলের আশা বাঁচিয়ে রাখতে হলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানকে হারাতে হবে বার্সেলোনার। এস্তাদি অলিম্পিকো লুইস কোম্পানিজ স্টেডিয়ামে বুধবার সেমির প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা-ইন্টার মিলান। ৬ মে হবে দ্বিতীয় লেগ। আর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথেও অনেকটা এগিয়ে বার্সা। ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় ম্যাচ বাকি পাঁচটা করে। ৭৬ ও ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে বার্সা ও রিয়াল। লিগে বার্সার পরের ম্যাচ ৩ মে ভায়াদোলিদের বিপক্ষে। ১১ মে ফিরতি এল ক্লাসিকো (বার্সা-রিয়াল) হবে বার্সার মাঠে।
আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে