
সংবাদ সম্মেলনের শুরুর দিকেই নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, তাঁর আউটের চরম মূল্য দিতে হয়েছে দলকে, ‘আমার আউটটা আমাদের পুরো ব্যাটিং নষ্ট করে ফেলেছে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এই সিলেট টেস্টে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং বলার মতো হয়নি। বোলারদের জোর চেষ্টা তাই বৃথাই গেছে। ২০১৮ সালে সর্বশেষ যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল, সিলেটে সেই হারও বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে।
এবার বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে, দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কি কমে যাচ্ছে? সিলেট টেস্টে টিকিটের দাম ছিল সর্বনিম্ন ৫০ টাকা। দেশের অধিকাংশ পণ্যের দাম ঊর্ধ্বমুখী হলেও টেস্টে টিকিটের দামে সেটির প্রভাব নেই। তবু সিলেটের দর্শক খুব একটা মাঠমুখী হননি। খাঁ খাঁ করতে থাকা গ্যালারিতে চার দিনে ৪০০ দর্শকও হয়েছে কি না সন্দেহ। টেস্টে অবশ্য বাংলাদেশে দর্শক এমনিতেই কম হয়। তবে যে রকম শূন্য গ্যালারি এবার দেখা গেল, এতটা কম নির্জনতাই দেখা গেছে গত দুই দশকে। ৫০ টাকা কেন, এবার যেন বিনা মূল্যে টিকিট দিলেও স্বাগতিক দর্শক বাংলাদেশের খেলা দেখতে আসতেন না!
খেলা যদি না টানে, খেলোয়াড়দের উপস্থিতি, দলের পারফরম্যান্স যদি আকর্ষণ তৈরি না করে, দর্শকেরা মাঠে আসবেন কেন? এই সিরিজের ব্র্যান্ড ভ্যালু এতটাই নিম্নমুখী, ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের পক্ষে সিরিজের সম্প্রচারকারী টেলিভিশন খুঁজে পেতে ঘাম ছুটে গেছে। অতঃপর বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) দিয়ে কোনোভাবে উদ্ধার হয়েছে বিসিবি।
ক্রিকেট নামের পণ্যটা বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশে যেভাবে বাজারজাতকরণ সহজ হয়েছে এত দিনে, সেটিই এখন কঠিন হয়ে যাচ্ছে। ক্রিকেটারদের পারফরম্যান্স যদি নিম্নমুখী হয়, মানুষের কাছে সেটির চাহিদা স্বাভাবিকভাবেই কমবে। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের বাজার নিয়ে ভাবতে রাজি নন। তাঁর পরিষ্কার কথা, ‘আমাদের কাজ হলো পারফর্ম করা। খেলা (কোনো টিভি) দেখাবে কি দেখাবে না, এটা নিয়ে চিন্তা করিনি। আমাদের কাজ হলো ভালো খেলা, যেটা আমরা পারছি না।’
কিন্তু বিষয়টি উপেক্ষা করার মতো নয়। শান্তর সামনে বর্তমান প্রেক্ষাপট আরও পরিষ্কারভাবে তুলে ধরা হলো। কিছুদিন আগেও ক্রিকেটাররা এত ‘বড় বিক্রয়যোগ্য’ তারকা ছিলেন, দেশে টেলিভিশনের বিজ্ঞাপন বাজারে ছিল সাকিব-তামিমদের দাপট। এখানে চিত্রটা বিপরীত। বাজারে ক্রিকেটারদের চাহিদা নিয়ে শান্ত স্বীকার করে নিচ্ছেন, ভালো না করতে পারলে তাঁদের ব্র্যান্ড ভ্যালু কমবে, ‘পারফরম্যান্স করেই ভালোটা আসলে তৈরি করতে হবে। এখন পারফরম্যান্স নেই দেখে ভ্যালু একটু কম। নিচের দিকে যাচ্ছে। দলের পারফরম্যান্স যখন আবার ভালো হবে, এটা তখন আবার ওপরের দিকে যাবে।’

কিন্তু বেতন-ভাতা, ম্যাচ ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধা তো কমছে না ক্রিকেটারদের; বরং দিন দিন বাড়ছে। তবু ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ কেন উন্নতির দিকে যাচ্ছে না? শান্তর উল্টো প্রশ্ন, ‘বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?’ এরপর নিজেই যোগ করলেন, ‘আমার মনে হয়, অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে। অবশ্যই সমর্থন করার মতো ব্যাপার। ভালো ক্রিকেট খেলা অনেক জরুরি। দায়িত্ব নিয়ে খেলা জরুরি। আমাদের অবশ্যই সেই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করছি না। এখন কীভাবে ভালো করতে হবে, সবাই মিলে আলাপ করে সেভাবে প্রস্তুতি নিয়েই করতে হবে। সারা দিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে। মাঠে বাস্তবায়নের দিকে অনেক ঘাটতি আছে। যার যা ভূমিকা আছে, তাকে সেভাবে দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে