
টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট—বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ের সমস্যার যেন কোনো সমাধান মিলছে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সবশেষ তিন সাদা বলের ইভেন্টে দেখা গেছে একই সমস্যা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বাংলাদেশের প্রথম টেস্টে ভরাডুবির কারণ দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং।
কালেভদ্রে ভালো শুরু করলেও ধারাবাহিকতার অভাবে বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ। টপ অর্ডারের এই অস্থিরতাই দলের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ বোলারদের যতটা না কৃতিত্ব, তাঁর চেয়ে বেশি দায় ব্যাটারদের। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম নিজেদের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। শুধু টপ অর্ডার ব্যাটাররাই নন, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও বাজে শট খেলে আউট হয়েছেন। দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, শিষ্যদের কাছ থেকে উইকেট বিলিয়ে দেওয়ার মতো অবস্থা আর দেখতে চান না তিনি।
চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচ জয়ের বিকল্প নেই। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা সবাই জানি, প্রথম ইনিংসে ইউনিট হিসেবে আমরা ঠিকঠাক ব্যাটিং করতে পারিনি। নিজেদেরই সমস্যায় ফেলেছি। আমরা এমন ধরনের ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই, যেখানে দিনে ২০০ রান করেই থেমে যাব না। মিডিয়ায় ‘ট্রানজিশন’ শব্দটি শোনা যাচ্ছে। আমাদের যেখানে পৌঁছাতে হবে, সেখানে যেতে সময় লাগবে। তবে আমি খেলোয়াড়দের বলে দিয়েছি, ঢিলেঢালা শট এবং সফট ডিসমিসাল কমাতে হবে। এই অবস্থা এক, দুই বা তিন টেস্টের জন্য চলতে দেওয়া যাবে না।’
বাংলাদেশের উদ্বোধনী জুটির দৈন্যদশাও নতুন কিছু নয়। একজন ব্যাটারের কাছ থেকে ভালো ইনিংস দেখতে পারাটা হয়ে গেছে ‘হ্যালির ধূমকেতুর’ মতো। কেউ আবার থিতু হয়ে আউট হচ্ছেন। সিলেট টেস্টে বাংলাদেশের দুই ইনিংসের উদ্বোধনী জুটি মিলিয়ে এসেছে ৪৪ রান। অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে তাদের দুই উদ্বোধনী জুটিতে ৬৯ ও ৯৫ রানের পার্টনারশিপ গড়েছে।
সিলেটে ২৩ এপ্রিল চার দিনে টেস্ট শেষের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে দ্বিতীয় টেস্টের দল। জাকির হাসানকে বাদ দিয়ে চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। বরাবরের মতো ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স করা বিজয় এবারের ডিপিএলেও আলো ছড়িয়েছেন। সিমন্স বলেন, ‘আমরা এমন ক্রিকেটার বাছাই করি, যারা নিজেদের গতি অনুযায়ী খেলে। আক্রমণাত্মক মানসিকতা মানে প্রতি ওভারে পাঁচ রান তুলতে হবে না; বরং উইকেটের মাঝে দৌড়ানোয়, উইকেটে পৌঁছে মনোভাবের প্রকাশে এবং ফিল্ডিংয়ের মানসিকতায় সেটা প্রকাশ পায়। কোনো দিন পাঁচ রান গড়েও ব্যাটিং চলবে। আবার কোনো দিন দুই বা তিন রান করেই সন্তুষ্ট থাকতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে