
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে নিউজিল্যান্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।
টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর অক্ষত ছিল সাত বছর ধরে। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড করেছিল ২ উইকেটে ৮৬ রান। ওয়েলিংটনে আজ সেই পুরোনো রেকর্ডটাই ভাঙল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করে টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল কিউইরা। রেকর্ড গড়ার পর কিউইদের ম্যাচ শেষ করতে লেগেছে ৬০ বল। ৮ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় হার।
১২৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকে নিউজিল্যান্ড। মোহাম্মদ আলী, হারিস রউফ, জাহানদাদ খান—পাকিস্তানের যে বোলারই এসেছেন, পিটুনি খেয়েছেন। সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় জাহানদাদের ওপরে। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ২৫ রান খরচ করেছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। সাইফার্ট একাই পুরো ২৫ রান করেছেন। নিউজিল্যান্ডের এই ওপেনার তিন ছক্কা ও এক চার মেরেছেন।
নিউজিল্যান্ডের বিস্ফোরক ৯৩ রানের জুটি ভেঙেছেন সুফিয়ান মুকিম। সপ্তম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে বোল্ড করেন মুকিম। ১২ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন অ্যালেন। এক ওভার বিরতিতে এসে মার্ক চ্যাপম্যানকে স্টাম্পিং করেন মুকিম। তাতে ৮.২ ওভারে ২ উইকেটে ১০৩ রানে পরিণত হলেও কিউইদের জিততে বেগ পেতে হয়নি। তুলির শেষ আঁচড়টা সাইফার্ট দিয়েছেন শাদাব খানকে তিন ছক্কা মেরে। ৩৮ বলে ৬ চার ও ১০ ছক্কায় ৯৭ রান করে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর।
পঞ্চম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন জিমি নিশাম। ৪ ওভারে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করে সিরিজসেরা হয়েছেন সাইফার্ট। গড় ৬২.২৫ ও স্ট্রাইকরেট ২০৭.৫০।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের স্কোর হয়ে যায় ১০.২ ওভারে ৫ উইকেটে ৫২ রান। ষষ্ঠ উইকেটে শাদাব খানের সঙ্গে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা গড়েন ৩৫ বলে ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করেছে ১২৮ রান। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন সালমান। পাকিস্তান অধিনায়ক ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে