
পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচের আগেই নিউজিল্যান্ডের বেকায়দায় পড়া এখন খুবই পরিচিত ঘটনা। গত দুই মাসে ত্রিদেশীয় সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ম্যাচের আগেই কোনো না কোনো কিউই ক্রিকেটার ছিটকে গেছেন। এবার ওয়ানডে সিরিজের আগে কিউইরা পেল দুঃসংবাদ।
আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) টম ল্যাথামের কাঁধে তুলে দিয়েছিল নেতৃত্বের গুরুদায়িত্ব। কিন্তু এবার সেই ল্যাথামই সিরিজ থেকে ছিটকে গেলেন। এনজেডসি জানিয়েছে, অনুশীলনে ব্যাটিংয়ের সময়ে কিউই এই ক্রিকেটারের ডান হাতে বল আঘাত করেছে। এক্স-রেতে হাড়ে চিড় ধরার ঘটনা জানা গেছে। পুরোপুরি সেরে উঠতে কিউই এই বাঁহাতি ক্রিকেটারের এক মাসের মতো সময় লাগবে।
ল্যাথাম ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। একই সঙ্গে ল্যাথামের পরিবর্তে হেনরি নিকোলসকে নিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিকোলস সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১৯ নভেম্বর। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ওয়ানডেতে ৫১ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। যদিও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে উইল ইয়াং বাদ পড়তে যাচ্ছেন। কারণ, তিনি প্রথমবারের মতো বাবা হচ্ছেন। সেকারণে ২৩ বছর বয়সী রিস মারিউ এসেছেন ইয়াংয়ের কাভার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো মারিউর অভিষেক হয়নি। তাঁর প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের গড় ৬১.৭৩ ও ২৭.৩৩।
আইপিএলে নিউজিল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্রেসওয়েল ছিলেন অধিনায়ক। তাঁর নেতৃত্বে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে গতকাল হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি। এখন দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের আগের দিনই তারকা পেসার লকি ফার্গুসন ছিটকে গিয়েছিলেন চোটে পড়ে। এর আগে ১৪ ফেব্রুয়ারি চোটে পড়ে কিউইদের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্সকে। সেদিন পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদ পেয়েছিল কিউইরা। পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাকক্যাপসরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে