
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তানজিম হাসান সাকিব আছেন ফর্মের তুঙ্গে। আগুনে বোলিংয়ে ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলছেন। ফতুল্লায় আজ তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ মুখ থুবড়ে পড়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই আজ ডিপিএলে খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। আবাহনীর হয়ে আজ তিনি অধিনায়কত্ব করেছেন। ফতুল্লায় টস জিতে আজ রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শান্ত। শান্তর সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটার যথার্থ প্রমাণ দিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। তিন পেসারের আগুনে বোলিংয়ে ৯৯ রানেই গুটিয়ে গেছে রূপগঞ্জ। মুমিনুল হকের নেতৃত্বাধীন রূপগঞ্জ ব্যাটিং করতে পেরেছে ২৮.৩ ওভার। আবাহনীর সেরা বোলার তানজিম সাকিব। ৭.১ ওভার বোলিং করে ২৩ রান খরচ করে নেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। তানজিম সাকিবের লিস্ট ‘এ’ তে সেরা বোলিংয়ের দিনে আবাহনী জিতল ৮ উইকেটে। ৯ ম্যাচের ৯টিতে জিতে এবারের ডিপিএলে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা।
প্রথমে ব্যাটিং পেয়ে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় রূপগঞ্জ। রূপগঞ্জ ওপেনার তৌফিক হাসান তুষারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শরীফুল। এক ওভার বিরতিতে এসে রূপগঞ্জের আরেক ওপেনার সাদমান ইসলামকে ফেরান শরীফুল। ২ ওপেনারের উইকেট হারিয়ে রূপগঞ্জের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৭ রান। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন মুমিনুল ও ইমরানুজ্জামান। তবে তৃতীয় উইকেটে তাদের জুটি ছিল ২৩ রানের। নবম ওভারের চতুর্থ বলে রূপগঞ্জ উইকেটরক্ষক ইমরানুজ্জামানের উইকেট নেন তানজিম সাকিব। এক ওভার বিরতিতে এসে তানজিম সাকিব ফিরিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লবকে।
তানজিম সাকিবের জোড়া আঘাতে রূপগঞ্জের স্কোর হয়ে যায় ১০.৫ ওভারে ৪ উইকেটে ৩৫ রান। শামীম পাটোয়ারী আক্রমণাত্মক ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬তম ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে পুল করতে যান শামীম। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন এনামুল হক বিজয়। ১৪ বলে ৪ চারে ১৮ রান করেন শামীম। এটাই রূপগঞ্জের সর্বোচ্চ ইনিংস। শামীমের বিদায়ে রূপগঞ্জের স্কোর হয়ে যায় ১৫.২ ওভারে ৫ উইকেটে ৬১ রান। পঞ্চম উইকেটে মাশরাফি-শামীমের ২৬ রানের জুটিই রূপগঞ্জের সর্বোচ্চ জুটি।
মুমিনুল এরপর ফিরে এসে টানা দুই বলে দুই চার মারেন। ঝড়ের ইঙ্গিত দেওয়া মুমিনুল অবশ্য থেমেছেন এক অঙ্কের ঘরে। ১৪ বলে ২ চারে ৯ রান করেন। ২০তম ওভারের প্রথম বলে মুমিনুলকে বোল্ড করেন তানজিম সাকিব। একই ওভারের শেষ বলে তানজিম সাকিব ফিরিয়েছেন শুভাগত হোম চৌধুরীকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রূপগঞ্জের ইনিংসের ইতি টেনেছেন তানজিম সাকিব। ২৯তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ শাহিদুল ইসলামকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন তানজিম সাকিব। শরীফুল ও তাসকিন নিয়েছেন ৩ ও ২ উইকেট। যার মধ্যে তাসকিন নিয়েছেন মাশরাফির উইকেট। ৬০ বলে ১ চারে ১৫ রান করেন মাশরাফি।
১০০ রানের লক্ষ্যেই দলীয় ৪ রানে ভেঙে যায় আবাহনীর উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নাঈম শেখকে বোল্ড করেন মোহাম্মদ আবদুল হালিম। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেও ইনিংস বড় করতে পারেননি তাওহীদ হৃদয়। ৯ বলে ২ চারে ১০ রান করা হৃদয়কে ফেরান আল আমিন হোসেন। হৃদয়ের বিদায়ে আবাহনীর স্কোর হয়ে যায় ৪.৫ ওভারে ২ উইকেটে ২৯ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সৈকত। ওপেনার এনামুল হক বিজয়কে নিয়ে তৃতীয় উইকেটে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন সৈকত। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন বিজয়। ১০.৪ ওভারে ২ উইকেটে ১০১ রান করে ফেলে আবাহনী। আবাহনীর ৮ উইকেটের সহজ জয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম সাকিব।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে