
ভারতের লক্ষ্য ২৫ বছরের বদলা নেওয়া। নিউজিল্যান্ডের উদ্দেশ্য সেই ভারতকে কাঁদিয়ে আরও একটি আইসিসির শিরোপা জেতা। এই দুইয়ের মিশেলে দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ভারত-নিউজিল্যান্ড ফাইনাল জমে উঠেছে। দলের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হওয়াতে চাপে ভারত।
২৫২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়েছে ভারত। টপ অর্ডারের তিন ব্যাটার শুবমান গিল, রোহিত, কোহলিকে হারিয়ে চাপে পড়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে ১৬১ রান করেছে এশিয়ার দলটি। নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে উইকেট হারানোর পাশাপাশি রান করতেও সমস্যা হচ্ছে রোহিতের দল।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমে ভারতের দুই ওপেনার গিল ও রোহিত ১১২ বলে ১০৫ রানের জুটি গড়েছেন। উদ্বোধনী এই জুটি ভেঙেছে মূলত গ্লেন ফিলিপসের নৈপুণ্যে। ১৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে শর্ট এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান গিল। সুপারম্যানের মতো ডান দিকে উড়ে ছো মেরে ক্যাচটি লুফে নিয়েছেন ফিলিপস। ৫০ বলের ইনিংসে ১ ছক্কা মেরে ৩১ রান করেন গিল।
উদ্বোধনী জুটি ভাঙার ঠিক পরের ওভারে কোহলির উইকেট হারায় ভারত। ২০তম ওভারের প্রথম বলে ভারতীয় তারকা ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাইকেল ব্রেসওয়েল। রান তাড়ায় ওস্তাদ কোহলি এবার ২ বলে ১ রান করে আউট হয়েছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিতে যখন ভারত হাঁসফাঁস করছে, তখন রোহিত নিজের উইকেটটা ছুড়ে এসেছেন। ২৭তম ওভারের প্রথম বলে রাচীন রবীন্দ্রকে উইকেট ছেড়ে রোহিত বেরিয়ে আসেন। নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম ল্যাথাম সহজেই স্টাম্পিং করেছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন রোহিত।
টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে মুহূর্তেই বিনা উইকেটে ১০৫ রান থেকে ৩ উইকেটে ১২২ রানে পরিণত হয় ভারত। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার গড়েছেন ৩৯ রানের জুটি। এই জুটি এরই মধ্যে ৫৩ বল খেলেছে। আইয়ার ৩৫ রানে অপরাজিত। অক্ষর ব্যাটিং করছেন ১৩ রানে।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে