
গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার—আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের গত এক বছর ধরে এভাবেই ভড়কে দিচ্ছেন নাহিদ রানা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছে জিম্বাবুয়েকে। তবে সিরিজ ধরে রাখার মিশনে বাংলাদেশ পাচ্ছে না ২২ বছর বয়সী এই পেসারকে।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে নাহিদ রানা নিয়েছেন ৩ উইকেট। বেন কারেন, ব্রায়ান বেনেট, ক্রেগ আরভিন—জিম্বাবুয়ের এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে। ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের পাশাপাশি শর্ট বলে জিম্বাবুয়েকে ভড়কে দিয়েছেন রানা। বাংলাদেশের এই পেসার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে গতকাল পাকিস্তানে উড়াল দিয়েছেন। প্রথম টেস্টের পর পিএসএল খেলতে বিসিবির থেকে তিনি আরও আগেই পেয়েছেন অনাপত্তিপত্র (এনওসি)। এদিকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে না পেলেও তেমন একটা চিন্তিত নন সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন,‘আমি বলব না যে আমরা শক্তি হারিয়েছি। আমরা গতি হারিয়েছি। রানার গতির সমপর্যায়ের কেউ এখন দলে নেই। তবে দক্ষতা রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের মতো ধীর গতির উইকেটে কীভাবে বোলিং করতে হয়, সেটা জানে আমাদের পেসাররা। আশা করছি কিছু টার্নও বের করে নিতে পারব। আর সিমাররা স্কিল দিয়ে কাজ করবে।’
নাহিদ রানার পরিবর্তে দ্বিতীয় টেস্টের দলে তানজিম হাসান সাকিবকে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের দলে চার পেসার থাকলেও চট্টগ্রাম টেস্টে পেসার সংখ্যা হয়েছে তিন। যাঁদের মধ্যে হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদের টেস্টের অভিজ্ঞতা রয়েছে। তানজিম হাসান সাকিব সীমিত ওভারের ক্রিকেট খেললেও টেস্ট খেলা হয়নি। তবে সুযোগ পেলে কী করতে পারেন, সেটা তানজিম সাকিব দেখিয়েছেন।
পেস আক্রমণ নিয়ে সিমন্সের তেমন একটা দুশ্চিন্তা নেই। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমাদের পেসারদের দক্ষতা রয়েছে। হাসান (মাহমুদ) পাকিস্তানে পাঁচ উইকেট নিয়েছে, যেখানে কন্ডিশন এখানকার মতোই। খালেদ (আহমেদ) ভালো করেছে। (তানজিম হাসান) সাকিব এখনো বেশি ম্যাচ খেলেনি। কিন্তু আমরা জানি সে কী আনতে পারে আক্রমণে। আমাদের সিম আক্রমণে এখনো গভীরতা আছে।’
সিমন্সের মতে চট্টগ্রাম টেস্টের উইকেট হতে পারে স্পিনবান্ধব। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘উইকেটটা দেখতে চমৎকার। শক্ত, ফ্ল্যাট এবং কিছুটা শুকনো। তবে আশা করছি টেস্টের শেষভাগে কিছু টার্ন পাওয়া যাবে। যেটা আমাদের জন্য ভালো হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে