
কলম্বো ক্রিকেট ক্লাব (সিসিসি) গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ৬৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ ম্যাচটা হেরে যায় ৯৮ রানে। এক দিন বিরতির পর আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
সিসিসি গ্রাউন্ডে আজ আবরারের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের পথে ১০ বছরের রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছেন জাওয়াদ আবরার। চার-ছক্কা মেরে ৯২ রান নিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ১৪ চার ও ৬ ছক্কা মেরেছেন। এর আগে এই রেকর্ডটা ছিল পিনাক ঘোষের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাউন্ডারিতে ৯০ রান করেছিলেন পিনাক। মেরেছিলেন ২১ চার ও ১ ছক্কা। ১৩ চার ও ৬ ছক্কায় ৮৮ রান করে বাউন্ডারিতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের কীর্তি তামিম ইকবালের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২০০৫ সালে এই কীর্তি গড়েছিলেন তামিম।
২১২ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ আজ খেলতে নামে টি-টোয়েন্টি মেজাজে। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়েই ৩৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের প্রথম বলে কালাম সিদ্দিকিকে ফিরিয়েছেন শ্রীলঙ্কার কুগান মুথুলান। শুরুতে উইকেট হারালেও সাবলীলভাবে খেলতে থাকে বাংলাদেশ। অধিনায়ক তামিম রয়েসয়ে খেললেও আবরার তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন আবরার।
রেকর্ড সেঞ্চুরির পর আবরার কিছুটা রয়েসয়ে খেলতে থাকেন। অধিনায়ক তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন আবরার। ৩৫তম ওভারের তৃতীয় বলে দুলনিথ সিগেরাকে চার মেরে বাংলাদেশকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেন তামিম। ৯৩ বল হাতে রেখে পাওয়া বাংলাদেশের এই জয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক আবরার। ১০৬ বলে ১৪ চার ও ৬ ছক্কায় ১৩০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর আজিজুল তামিম ৮৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
এর আগে টস জিতে দ্বিতীয় ওয়ানডে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক বিমাথ দিশারা। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে লঙ্কানরা। ৪৮.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেন্নাতিগালা। ৯১ বল খেলে মেরেছেন দুটি চার। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন পেয়েছেন ৬ উইকেট। ৯.৫ ওভারে খরচ করেন ৪৪ রান। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে