
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েন পাওলো দিবালা। এবার পেলেন আরও বড় দুঃসংবাদ। চলতি মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে আর্জেন্টিনার এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের।
বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার প্রাথমিক দলে নাম থাকলেও পেশির সমস্যায় দিবালা ছিটকে পড়েন চূড়ান্ত দল থেকে। এ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিচ্ছেন বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন। ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রোমা। কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে। ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশে তাই দিবালার না খেলা অনেকটাই নিশ্চিত।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে দিবালা অস্ত্রোপচারের কথা জানানোর সময় আবেগী বার্তা দিয়েছেন। ৩১ বছর বয়সী আর্জেন্টিনার ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া ফল এবং চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি অনেক দিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (সিরি আ) কঠিন সময়ে রোমার সতীর্থদের এবং জাতীয় দলকে ভক্তের মতো সমর্থন দেব। কথা দিচ্ছি শীঘ্রই মাঠে ফিরব আরও শক্তিশালী হয়ে। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগকে কঠিন পরীক্ষাই দিতে হবে। লিওনেল মেসি, দিবালার মতো অভিজ্ঞ দুই ফরোয়ার্ডের পাশাপাশি লাওতারো মার্তিনেজও বাদ পড়েন চূড়ান্ত দল থেকে। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে পরশু বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিলের পয়েন্ট ২০, ১৯, ১৯ ও ১৮। সবাই খেলেছে ১২টি করে ম্যাচ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে