
বিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট।
গোলশূন্য ব্যবধানে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা। ৫৫ মিনিটে লিওনেল মেসির পাস থেকে জাল খুঁজে নেন লওতারো মার্তিনেজ। গোলটি ছিল দেখার মতন। বক্সের ভেতর ঢুকেই দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে কোনাকুনিভাবে মেসি বল ভাসিয়ে দিয়েছিলেন। পেরুর ডিফেন্ডাররা সৈন্যের মতো দাঁড়ালেও রক্ষা করতে পারেননি গোলপোস্ট। লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে বল জালে পাঠান মার্তিনেজ। তাঁর চোখ ধাঁধানো এই গোলেই ১ ম্যাচ পর জয়ে ফিরল আর্জেন্টিনা। গত সপ্তাহে বাছাইপর্বে প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল।
পেরুর বিপক্ষে গোল করে নতুন কীর্তি গড়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচে থাকা ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনার পাশে বসেছেন ইন্টার মিলান ফরোয়ার্ড। দুজনের গোলসংখ্যা ৩২। এ তালিকায় সবার ওপরে মেসি (১১২)। পরের স্থানে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৫), সার্জিও আগুয়েরো (৪১) ও হারনান ক্রেসপো (৩৫)।
এই ম্যাচে অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন মেসিও। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ছুঁয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড লেন্ডন ডনোভানকে। দুজনের অ্যাসিস্ট সংখ্যা ৫৮।
কনমেবলের বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে পেরু।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে