ঢাকা: একজন ক্রিকেট অধিনায়কের অধিনায়কত্ব শুধু মাঠেই নয়, করতে হয় মাঠের বাইরেও। সংবাদমাধ্যমের চাপ সামলানো সেই অধিনায়কত্বেরই অংশ। মুমিনুল হক যেন এখানেও কিছুটা খাবি খাচ্ছেন!
এটা ঠিক, নিজের খেলা নিয়ে মুমিনুল যথেষ্ট গোছালো, কিন্তু সংবাদ সম্মেলনে এলে কেমন আড়ষ্ট হয়ে যান। যদিও গত দুই বছর অধিনায়কত্ব পাওয়ার পর বেশ ‘কথা বলা’ শিখেছেন। কিন্তু ২২ গজে যেমন ভালো খেলতে খেলতে হুট করে একটা ভুল শট খেলে ফেলেন, সাংবাদিকদের সামনেও হুট করেই ছুড়ে দেন হালকা মন্তব্য!
আপাতদৃষ্টিতে নিরীহ মন্তব্যই মনে হবে। কিন্তু মন্তব্যগুলো তো যেনতেন মানুষের মুখ নিঃসৃত নয়—বলছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। মাঠের পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হচ্ছে, মুমিনুল আলোচিত হচ্ছেন সংবাদ সম্মেলনে করা নানা মন্তব্য নিয়েও।
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারের অর্ধেক কারণ নাকি টস—এ মন্তব্যে আরেকবার আলোচনার কেন্দ্রে মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক হারের ব্যাখ্যায় বলেছেন, ‘ম্যাচের প্রায় ৫০ শতাংশই নির্ধারণ হয়ে গিয়েছিল টস করার সময়।’ স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, টস করার সময়ই যদি অর্ধেক নির্ধারণ হয়ে যায়, তাহলে আর মাঠে খেলার দরকার কী!
দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে ক্রিকেট কীভাবে খেলতে হয় সেই মৌলিক জ্ঞান যেন সাংবাদিকদের দিয়ে গেছেন মুমিনুল। সিরিজের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়কের দেওয়া বক্তব্যটা ‘অমৃত বচন’ হয়ে গেছে! মুমিনুল বলেছেন, ‘শ্রীলঙ্কায় মাঠে নামব। ওরা বল করবে। আমরা ব্যাটিং করব। আমরা বল করব, ওরা ব্যাটিং করবে।’
‘ওরা ব্যাট করবে, আমরা বল করব...’—যেন মুমিনুল না বললে বিষয়টা অজানাই থেকে যেত সবার! শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক আবার বললেন, ‘সিরিজ হেরেছি মানে এই না যে সবকিছু হেরে গিয়েছি’ কিংবা ‘হারলে সমস্যা নেই!’ ২০১৯ সালে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে মুমিনুলের ‘সাংবাদিকদের চাপে ব্যাটসম্যানরা রান করতেই ভুলে যায়’ মন্তব্যটাও কম আলোচিত হয়নি!
এটা ঠিক, হঠাৎ পাওয়া অধিনায়কত্ব মুমিনুলের কাছে বিশাল চাপ হয়ে এসেছে। স্বল্পভাষী মুমিনুলের কাছে সাংবাদিকদের একেকটা প্রশ্ন কঠিন বাউন্সারের মতোই। তিনি অবশ্য চেষ্টা করছেন মাঠের বাইরেও অধিনায়কত্ব ভালো করতে। তবু মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলছেন! এ ক্ষেত্রে মুমিনুল চাইলে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনের ভিডিওগুলো চালিয়ে দেখতে পারেন। সংবাদ সম্মেলনে ধোনির রসবোধ কিংবা বুদ্ধিমত্তা বরাবরই প্রশংসনীয়।
ধোনির মতো অনেক অধিনায়ক বা খেলোয়াড় চাপ সরাতে সংবাদ সম্মেলনে হাস্যরসকে বেছে নেন। এ ক্ষেত্রে রোহিত শর্মার জুড়ি মেলা ভার! হাসিঠাট্টায় পুরো সংবাদ সম্মেলন মাতিয়ে রাখেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। সংবাদমাধ্যমের চাপ সামলানোর উপায় খুঁজতে অবশ্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছেই পরামর্শ নিতে পারেন মুমিনুল। যেকোনো কঠিন পরিস্থিতিতে মাশরাফির চেয়ে ভালো চাপ সামলাতে পেরেছেন–এমন অধিনায়ক বাংলাদেশ কমই পেয়েছে। কঠিন, অস্বস্তিকর কিংবা বিব্রতকর সব প্রশ্নে এমন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন মাশরাফি, এককথায় দুর্দান্ত!
মুমিনুলের রসবোধও মন্দ নয়। কিন্তু রসবোধকে যেন কেউ ‘আবোলতাবোল’ মন্তব্য না করে, সে ব্যাপারেও সচেতন থাকতে হবে তাঁকে। সংবাদমাধ্যমকে সাফল্যের সঙ্গে সামলানো আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের বড় গুণ হিসেবেই ধরা হয়। বর্তমান সময়ে টানা খেলার চাপে খেলোয়াড়েরা এমনিতে বিধ্বস্ত থাকেন। এর মধ্যে সংবাদমাধ্যমের চাপ অনেকের কাছে যেন উটকো ঝামেলা। তবু এ থেকে কি দূরে থাকা যায়?
দলের অধিনায়ক হলে তো কথাই নেই। দলের বাজে সময়ে অধিনায়ককেই সবার আগে কাঠগড়ায় তোলা হয়। চারদিক থেকে ধেয়ে আসা প্রশ্নবাণে জর্জরিত হতে হয় তাঁকেই। মুমিনুলও ব্যতিক্রম নন। ২২ গজে কঠিন বল সামলানোর উপায় যেভাবেই হোক তাঁকে বের করতেই হয়। মুমিনুল নিশ্চয় একই সূত্র মেনে মাইক্রোফোনের সামনে দুর্দান্ত ‘খেলা’র উপায়ও বের করতে পারবেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে