
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রশাসনিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। উপজেলার বায়া এলাকায় নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় ঠিকাদার মোবাশ্বের লাল্টু পবার খড়খড়ি হাট ইজারা পেতে আগ্রহীদের নিয়ে একটি সিন্ডিকেট করেছিলেন। তাঁরা অন্য কাউকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিচ্ছিলেন না। কিন্তু জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি ওই সিন্ডিকেটের ভেতর না গিয়ে দরপত্র দাখিল করেন।
বক্তারা বলেন, ডনির দরপত্র দাখিল করতে বাধা দেন লাল্টু ও তাঁর লোকজন। সেই বাধা উপেক্ষা করে ডনির দরপত্র টেন্ডার বাক্সে ফেলা হয়। এরপরই দরপত্র বাক্স ইউএনওর কার্যালয়ের সামনে থেকে বের করে ভেঙে ফেলা হয়। এ সময় ককটেল ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। যুবদল নেতা শাকিলুর রহমান রনকে ছুরিকাঘাত করা হয় এবং বাক্স থেকে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। অথচ এখন বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
সমাবেশে জানানো হয়, টেন্ডার লুটের অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে। অথচ যারা ঘটনার সঙ্গে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে তাঁরা জেনেছেন যে ঘটনার সময়ের সিসি ক্যামেরার আড়াই মিনিটের ভিডিও ফুটেজ ইউএনওর কার্যালয় থেকে মুছে ফেলা হয়েছে। তাঁরা এর তদন্ত দাবি করেন। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করে যারা প্রকৃতই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
দরপত্র লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের লাল্টু বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। আমি জানি যে ঘটনা ঘটেছে এবং এটা বিএনপি-বিএনপি দ্বন্দ্ব। এর বাইরে আমি কিছু জানি না। হাটের কাছে আমার বাড়ি সে জন্য হয়তো আমাকে জড়াচ্ছে।’
সিসি ক্যামেরার ফুটেজ মুছে দেওয়ার অভিযোগের বিষয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই যে ফুটেজ মুছে ফেলা যাবে না। এটা সম্ভব। কিন্তু আসলেই তা হয়েছে কি না তা তদন্তের পর বলা যাবে। ডিবি মামলা তদন্ত করছে। তারা ডিভিআর নিয়ে যাবে। তারা তদন্ত করে বলতে পারবে। আমি এই বিষয়ে কিছু জানি না।’
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি পবার ইউএনওর কার্যালয়ের সামনে থেকে দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা করে উপজেলা প্রশাসন। মামলাটি তদন্ত করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ মামলায় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আসলে বলার কিছু নেই।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে