ডলার-সংকট কাটাতে কার্যকর পদক্ষেপ নিতেই বারবার হোঁচট খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার রেট সময়ে সময়ে বেঁধে দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রুদ্ধদ্বার বৈঠকে ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে সীমা বেঁধে দিয়ে ডলারের রেট নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে; যার মডেল বাস্তবায়ন ও কারিগরি সহায়তা দিতে আইএমএফ প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম জুম বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দ এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ডলারের রেট বাজারভিত্তিক করার জন্য আইএমএফ তাগাদা দিলেও বাস্তবায়ন সম্ভব না। এ জন্য বাজারভিত্তিকের কাছাকাছি পদ্ধতিকে সহায়তা দিতে সম্মতি দিচ্ছে। তবে বিকল্প আরও উন্নত পদ্ধতি খোঁজার তাগাদাও অব্যাহত রেখেছে আইএমএফ। ফেব্রুয়ারিতে সংস্থাটির কারিগরি দল বাংলাদেশে আসবে। আর ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের জন্য একটি মিশন মার্চে দেশে আসবে। তাদের সঙ্গে সংস্কার ও ঋণের শর্ত নিয়ে বিশদ আলোচনা হতে পারে।
সূত্র জানায়, ডলারের বাজার অস্থিরতার নেপথ্যে কারণ নিয়ে চুলচেরা পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। পর্যালোচনায় উঠে এসেছে, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ২৭ শতাংশ কমেছে। একাধারে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের সুযোগ নিয়ে বিশেষ গোষ্ঠী ও কিছু এক্সচেঞ্জ হাউস কম দামের কেনা ডলার মজুত করে বেশি দামে বিক্রি করে অস্বাভাবিক মুনাফা করছে। আবার প্রবাসীদের একটা অংশও বিলম্বে দেশে ডলার পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক গত ২২ নভেম্বর থেকে তৃতীয় দফায় ডলারের দাম এক টাকা কমিয়েছে। তবে সব সময় ডলারের দর কমানো সম্ভব নয়। এটাকে আইওয়াশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, জ্বালানিসহ নিত্যপণের খরচ মেটাতে ডলার বিক্রি করা হয়। এটা দেশের বৃহৎ স্বার্থেই করা হচ্ছে। যখন ব্যাংকগুলোর পর্যাপ্ত ডলার থাকবে, তখন ডলার বিক্রি করা হবে না। প্রয়োজনে কেনাও যেতে পারে। যেমন করোনার পর ডলার ক্রয় করা হয়েছিল।
অর্থনীতির ভাষায় ক্রলিং পেগ হলো নিজের দেশের মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি; যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারসহ একটি মুদ্রাকে একটি সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। অস্থিরতার সময় দেশীয় মুদ্রার মূল্য এবং হারের সীমাও ঘন ঘন সমন্বয় করা হয়। এখানে মুদ্রার রেটের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান বলেন, দেশীয় মুদ্রার সঙ্গে ডলারের রেট নির্ধারণে বিশেষ দল কাজ করছে। মূলত ক্রলিং পেগ পদ্ধতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এটা বাস্তবায়িত হলে ডলারের বাজারে স্বস্তি ফিরতে পারে।
বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, ডলারের দরে লাগাম টানতে গত বুধবার ২৫ পয়সা এবং ২৯ নভেম্বর ডলারের দর ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে