Ajker Patrika

সেই তিন বোনকে নিয়ে র‍্যাব-পুলিশে টানাটানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০: ৪৫
সেই তিন বোনকে নিয়ে  র‍্যাব-পুলিশে টানাটানি

তিন বোন খালার বাসায় থাকত। বাবার অসুস্থতার খবর শুনে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে তারা। তাদের খুঁজে না পেয়ে পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, তিন বোন যশোরে বাবার কাছে গেছে। তারা নিরাপদ ও সুস্থ আছে। তবে এরপর তাদের খুঁজে পাওয়ার কৃতিত্ব নিয়ে শুরু হয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মধ্যে টানাটানি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পারিবারিক সূত্র বলছে, রাজধানীতে দুই খালার বাসায় থাকে ওই তিন বোন। তাদের মা মারা গেছেন। তিনজনের মধ্যে বড় বোন (১৮) রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বাকি দুই বোন ১৭ ও ১৬ বছর বয়সী। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী। তাদের মধ্যে একজন থাকত আদাবরে এক খালার বাসায়। বাকি দুজন থাকত খিলগাঁওয়ে অপর এক খালার বাসায়। খিলগাঁও থেকে সম্প্রতি দুই বোন আদাবরে খালার বাসায় আসে। গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয় তিনজন। ওই দিনই তাদের খালা আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজকের পত্রিকার কাছে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৯ মিনিটে ওই তিন বোনের খালা এক তরুণীর সঙ্গে বাসা থেকে বের হন। এর ঠিক ২২ মিনিট পর ১১টা ৪ মিনিটে একে একে তিন বোন বাসা থেকে বের হয়ে যায়। তাদের একজনের হাতে ছিল বড় একটি ট্রলি। তিন বোনের মধ্যে বড়জনের কাঁধেও একটি ব্যাগ ছিল।

তিনজনই তাড়াহুড়ো করে বের হয়ে যায়। বৃহস্পতিবার থানায় জিডি হওয়ার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় র‍্যাব জানায়, তিন বোনই যশোরে বাবার কাছে আছে। র‍্যাব সদর দপ্তরে বাহিনীর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, তিন বোনের অবস্থান শনাক্ত করা হয়েছে। তারা এখন যশোরে বাবার কাছে আছে।

র‍্যাব-২-এর সহকারী মিডিয়া কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘তিন বোন ঢাকায় তাদের খালার কাছে থাকত। তারা জানতে পেরেছিল তাদের বাবা অসুস্থ। তাই তিনজন মিলে যশোরে বাবাকে দেখতে গিয়েছিল। এখন তারা সেখানে আছে। আমরা তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। তারা সবাই সুস্থ আছে। তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।’ টিকটকের কারণে তিন বোন ঘর ছেড়েছে—এমন খবর সত্য কি না, জানতে চাইলে ফজলুল হক বলেন, বিষয়টি সঠিক নয়। তারা টিকটক ভিডিও তৈরি করত। তবে উচ্ছৃঙ্খল নয়। দীর্ঘদিন বাবাকে না দেখতে পেয়ে তারা কিছু না বলে যশোর চলে যায়।

র‍্যাব বিষয়টি নিশ্চিত করার ৩০ মিনিটের মাথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ থেকে গণমাধ্যমে জানানো হয়, নিখোঁজ তিন বোনকে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করেছে আদাবর থানা-পুলিশ। তিন বোন এখন কোতোয়ালি থানা-পুলিশ হেফাজতে। রাতেই ঢাকায় আনা হচ্ছে। আজ দুপুর ১২টায় রাজধানীর শ্যামলীর ডিসি অফিসে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

র‍্যাবও তিন বোনকে খুঁজে পাওয়ার দাবি করেছে জানিয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের মধ্যেই যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। যাদের হেফাজতে থাকবে, তারাই ব্রিফ করবে, আপনারা তাদের কাছেই যাবেন।’

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে আরও বিস্তারিত বিবৃতি পাঠানো হয়। সেখানে বলা হয়, বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব জানতে পারে, ওই তিন বোনের অবস্থান যশোরে এবং বিষয়টি অনেক উদ্বেগজনক হওয়ায় র‍্যাব-২-এর তদন্ত কার্যক্রম বাড়ানো হয়। শুক্রবার বেলা ১১টা ২৭ মিনিটে ভিডিও কল করে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের নিয়ে নিকটাত্মীয়রা উদ্বিগ্ন থাকায় কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়। রাজধানীর আদাবর থানায় এ সংক্রান্ত সাধারণ ডায়েরি থাকায় সেখানে জানানো হয়। বর্তমানে তিন বোন যশোরে তাদের বাবার বাড়িতে দাদির হেফাজতে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত