
মোস্তাফিজুর রহমানের টেস্ট খেলা না-খেলার প্রসঙ্গ এই মুহূর্তে দেশের ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বললে ভুল হবে না। গত দুই সপ্তাহে বিসিবির শীর্ষ কর্তা কিংবা নির্বাচকদের যেকোনো সাংবাদিক বৈঠকে মোস্তাফিজ-প্রসঙ্গ আসাটা যেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
গত ২১ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের টেস্ট ভাবনা নিয়ে বেশ খোলাখুলিই কথা বলেছিলেন মোস্তাফিজ। এসব বিষয়ে সাধারণত তিনি কমই বলে থাকেন। এরপরই মোস্তাফিজ ইস্যুটা ঘুরেফিরে আসছে বিসিবি কর্তাদের সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে বলতে গিয়ে কখনো বিসিবির নীতিনির্ধারকেরা যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছেন, কখনো নিজেদের নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন বক্তব্যও দিচ্ছেন। কখনো আবার নিজেদের খেলোয়াড়দেরই ব্যক্তিগত আক্রমণ করে বসছেন। এমনটা অবশ্য আগেও দেখা গিয়েছে। যেমন গত মার্চে সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না-যাওয়ার ঘটনায়। তারও আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুশফিকুর রহিমের পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহারের সময় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক পর্যন্ত টানা হয়েছিল।
দুই দিন আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মোস্তাফিজের টেস্ট না খেলা নিয়ে বলেন, ‘পাপন ভাই (বিসিবি সভাপতি) বলেছিলেন, খেলোয়াড়েরা যে সংস্করণ খেলতে চায়, এ নিয়ে আলাপ করতে পারে। সেটা সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে কথাটা বলেছেন, সবার ক্ষেত্রে নয়।’ মন্তব্যটা বোর্ডের নীতির সঙ্গেই সাংঘর্ষিক। কারণ, ক্রিকেটাররাই জানাচ্ছেন, তাঁদের সংস্করণ বাছাইয়ের চুক্তিপত্রে কোথাও উল্লেখ নেই, ‘এটি শুধু সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য।’
গত কয়েক বছরে খেলোয়াড়দের ছুটি কিংবা নাম প্রত্যাহারের ঘটনা বেড়ে যাওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত বছরের ফেব্রুয়ারিতে জানান, তাঁরা চুক্তিতে নতুন ধারা যুক্ত করতে চান। সেই ‘নতুন ধারা’ যুক্ত করে গত বছরের জুনে ক্রিকেটারদের চুক্তিপত্র পাঠায় বিসিবি। ‘পছন্দের সংস্করণ ও ব্যক্তিগত প্রতিশ্রুতি’ শিরোনামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পাঠানো চুক্তিপত্রের শুরুতেই খেলোয়াড়দের কাছে জানতে চাওয়া হয়, কে কোন কোন সংস্করণ খেলতে চান। খেলতে না চাইলে পাশে ‘ক্রস চিহ্ন’ দিতে হবে।
মজার ব্যাপার হচ্ছে, তিন সংস্করণে চুক্তি করেও সংস্করণ বেছে খেলা কিংবা একটি সংস্করণ থেকে অবসর কিংবা লম্বা বিরতি নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে গত এক বছরে। বেশির ভাগ ঘটনা ঘটেছে সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে। এসব ক্ষেত্রে বোর্ডের ‘কঠোর নীতি’ অনেকটাই শিথিল, সেটি গতকাল নাজমুল হাসান পাপনের কথাতেও বোঝা গেল। বিসিবি সভাপতি বলেন, ‘কেউ যদি বলে, এটা খেলব না, তখন আমরা বলতে পারি, তিন মাস খেলো। তত দিনে আমরা তৈরি করতে পারি, প্রস্তুতি নিতে পারি। এ বিষয়গুলো বোর্ডের সঙ্গে বসে করলে সহজ হয়। বাইরে কিন্তু তাই হয়। আমাদের দেশে হয়নি, হবে।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে বিসিবির চুক্তির কার্যকারিতা কী, আদপে খেলোয়াড়দের বেছে খেলার সুযোগ তো বিসিবিই করে দিয়েছে। বিসিবির ‘অপশন’ কাজে লাগিয়ে একমাত্র মোস্তাফিজই সোজাসাপটা জানিয়েছেন, তিনি এই মুহূর্তে টেস্টে খেলতে চান না। যেহেতু টেস্ট দলে তিনি নিয়মিত বিবেচিত হন না আর জৈব সুরক্ষাবলয়ে হাঁপিয়ে ওঠার বিষয়টাও সামনে এসেছিল, বিসিবিও গত বছর চুক্তির পর বাঁহাতি পেসারের টেস্ট না খেলার বিষয়টি বড় করে দেখেনি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম চোটে পড়ার পর হঠাৎ মোস্তাফিজের টেস্ট খেলার আলোচনা জোরালো হয়েছে। ফরম্যাট বাছাইয়ের সুযোগ দিয়ে বিসিবিই এখন বলছে, সবার জন্য এটি প্রযোজ্য নয়। অর্থাৎ এক চুক্তি নিয়ে বিসিবি হাঁটছে দুই নীতিতে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫