গাজার মানুষকে সাহায্য এবং কিছুটা স্বস্তি দেওয়ার জন্য যাঁরা সেখানে কাজ করছেন, তাঁরাও এখন ডুবে যাচ্ছেন হতাশার গভীরে। যেমন ওলগা শেরেভকো। জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের একজন কর্মী হিসেবে গাজায় এখন পর্যন্ত তিনি চার বছর কাটিয়েছেন। এর মধ্যে তাঁর সর্বশেষ ছয় মাসই কেটেছে চলমান যুদ্ধের মধ্যে।
আল-জাজিরার এক নিবন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে গাজায় নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ওলগা। তাঁর মতে, গাজায় সর্বশেষ ছয় মাসের মতো এত অসহায় তিনি আর কখনোই বোধ করেননি। অবিরাম যুদ্ধ যন্ত্র, যার কাছে গোলাবারুদের কোনো সীমা নেই, প্রতিটি গুলি ছোড়ার পরপরই লোড করা হচ্ছে নতুন গুলি।
গত সেপ্টেম্বরে খান ইউনিসে একটি আশ্রয়কেন্দ্র পরিচালনাকারী এক নারীর সঙ্গে কথা বলেছিলেন ওলগা। জিজ্ঞাসা করেছিলেন, শান্তি নিয়ে তিনি কতটা আশাবাদী।
সেই নারী একটি ছোট্ট মেয়ের দিকে ইশারা করে বললেন, ‘এই মেয়ের বাবা পাঁচ দিন আগে তাঁদের বাড়িতে বোমা হামলার সময় মারা গেছেন। তাঁর মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা। সেই জায়গায় ক্রমাগত গুলি চলছে। তবে কিসের এত আশা?’
যুদ্ধের মধ্যে গাজার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ঘুম। ওলগা জানান, গত বছরের জানুয়ারিতেও গাজার দেইর আল-বালাহর এলাকায় ছিলেন ওলগা। সেই সময়েও বড় কোনো বিস্ফোরণের পর জানালার কাছে ছুটে গিয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতেন তিনি। কিন্তু ধীরে ধীরে এগুলো এত সাধারণ হয়ে গেছে যে কেউ তা দেখতে আর ছুটে যায় না।
প্রতি রাতে মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি নেয়, তখনই শুরু হয় বোমা হামলা। একের পর এক মিসাইলের শিস শোনা যায়। তারপরই প্রবল বিস্ফোরণ কাঁপিয়ে দেয় জানালাগুলোকে। চিৎকার করে ওঠে কুকুর, গাধা, শিশু—সবাই। একের পর এক হামলা চলে, তারপরই গুলির শব্দ। শেষরাতে কিছুক্ষণের জন্য অবশ্য শান্তি নেমে আসে। কিন্তু ফজরের আজানের সময় আবার নতুন করে আক্রমণ শুরু হয়।
ওলগা জানান, টেলিভিশনে গাজার যেসব দৃশ্য দেখা যায়, বাস্তবে সেগুলো আরও অনেক বেশি ভয়ংকর। ক্যামেরা কখনোই এই ধ্বংসের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে পারে না। শব্দের ভয়াবহতা তো আছেই।
তীব্র খাদ্যসংকটের মধ্যে বেকারিগুলোতে রুটি নেওয়ার জন্য মানুষের লড়াই আর চিৎকার একটি নিত্য ঘটনা। এক সপ্তাহ আগেই একটি বেকারির সামনে রুটির জন্য ধাক্কাধাক্কিতে এক নারী ও দুই মেয়ে পিষে মারা গেছেন।
ওলগার বন্ধু খালেদ গাজার কমিউনিটি কিচেনগুলো পরিচালনা করেন। তিনি উদ্বিগ্ন ছিলেন এই ভেবে যে খুব শিগগির খাবার ফুরিয়ে যাবে। তাঁকে কোনো সান্ত্বনা দিতে পারেননি ওলগা; বরং উল্টো ওই বন্ধুই ওলগাকে সান্ত্বনা দিয়েছেন, ‘কাঁদবেন না, ওলগা। আমাদের মতো শক্ত থাকুন।’
গত নভেম্বরে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি কমিটি গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে। সাহায্য পরিবহনের ব্যাগ থেকে পড়ে যাওয়া ময়লা ময়দা রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া মানুষের দৃশ্য চোখে পড়েছে।
ওলগা জানান, গাজায় সবচেয়ে দুর্বলদের সাহায্য করার চেষ্টা করতে গিয়ে কার আগে সাহায্য প্রয়োজন, তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। প্রায় ২৩ লাখ মানুষের মধ্যে ১০০ ভাগই সাহায্যের অপেক্ষায় রয়েছে।
ওলগা লিখেছেন, ‘গর্ভবতী নারী, গৃহ সহিংসতার শিকার কেউ, কিংবা গৃহহীন ও শারীরিক প্রতিবন্ধী—কাকে আগে সাহায্য করবেন? এই সিদ্ধান্তের যন্ত্রণা আমাদের অনেক রাত ঘুমাতে দেবে না।’
তাঁর ভাষায়, ‘আমরা রাস্তায় পড়ে থাকা মৃতদেহ তুলেছি। কোনোটি তখনো উষ্ণ, রক্তক্ষরণ হচ্ছে। আবার কোনোটি ঠান্ডা হয়ে গেছে, কুকুরে খেয়ে ফেলেছে। অনেকে ছিল শিশু। তারা আঘাতের শিকার হয়ে একা, ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে রক্তক্ষরণে মারা গেছে। তাদের মায়েরা হয়তো কেন তাঁদের সন্তান রাতে বাড়ি ফিরে আসেনি ভেবে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
বাকি পৃথিবীর কাছে এই শিশুরা শুধু গাজার পরিসংখ্যানে যোগ হওয়া আরও একটি সংখ্যা। এখন পর্যন্ত সেখানে ৪৫ হাজার ৫০০ মানুষ মারা গেছে।
বিধ্বস্ত গাজায় কখনো কোনো শান্ত মুহূর্তে ওলগা নিজেকেই শুধু প্রশ্ন করেন—এই ধ্বংসের মাঝে কোথাও কি আশা আছে?
উত্তরটি কেবলই নীরবতা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে