ঈদ মুসলিম উম্মাহর এক আনন্দঘন, স্বতন্ত্র, তাৎপর্যপূর্ণ ও স্বমহিমায় উদ্ভাসিত উৎসব। এই উৎসবে একদিকে রয়েছে আনন্দ ও খুশির সমারোহ, অন্যদিকে রয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইবাদত-বন্দেগি ও আবেগের সংমিশ্রণ। এই সমন্বয়ই ঈদ উৎসবের মূল স্বকীয়তা। ঈদ নিছক আনন্দ-উল্লাসের দিন নয়, আবার নীরস গাম্ভীর্যপূর্ণ আধ্যাত্মিকতাও নয়। ঈদ যেমন আনন্দ ও খুশির দিন, তেমনি ঈদ আল্লাহর স্মরণ, তাঁর কাছে ক্ষমা প্রার্থনা এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এই অনুপ্রেরণা নিয়েই মুসলিম উম্মাহর কাছে বারবার ফিরে আসে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের সময় পুরো মুসলমান সমাজের হৃদয়ে যে সুখের ছোঁয়া বয়ে যায়, তা আপনজনদের মধ্যে ছড়িয়ে দিতে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।
সর্বজনীন শুভেচ্ছাবাক্য—ঈদ মোবারক
ঈদ মোবারক একটি ঐতিহ্যবাহী আরবি শুভেচ্ছাবাক্য। ঈদের শুভেচ্ছা বিনিময়ে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এটির বহুল ব্যবহার দেখা যায়। ‘ঈদ মোবারক’-এর আভিধানিক অর্থ ঈদ উৎসব কল্যাণময় হোক।
বিভিন্ন ভাষায় প্রচলিত শুভেচ্ছাবাক্য
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সাধারণত ‘ঈদ মোবারক’ বলে। ইংরেজিতে বলা হয়—হ্যাভ আ ব্লেসড ঈদ। আরব সমাজে ‘ঈদ মোবারক’-এর পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময়ের আরও কয়েকটি বাক্য চালু আছে। যেমন ‘কুল্লু আম ওয়া আনতুম বিখাইর’, যার অর্থ ‘আপনাদের প্রতিটি অতিবাহিত বছর ভালো যাক’।
উপসাগরীয় দেশগুলোতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বলা হয় ‘মিনাল আয়িদিন ওয়াল ফায়িযিন’, যার অর্থ ‘আমরা যেন আরও একবার পবিত্র হতে পারি এবং আমরা যেন (আমাদের রোজায়) সফল হতে পারি’। এর জবাবে বলা হয় ‘মিনাল মাকবুলিন ওয়াল গানিমিন’, যার অর্থ ‘আমাদের সৎকর্ম (আল্লাহর কাছে) গ্রহণ হোক এবং আমরা যেন (জান্নাত পেয়ে) সফল হতে পারি’।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইতে মালয় ভাষাভাষীদের ঈদে জনপ্রিয় শুভেচ্ছাবাক্য হলো ‘সেলামাত হারি রায়া’ বা ‘সেলামাত ঈদুল ফিতরি’। তুরস্কের মানুষ তাদের ভাষায় বলে ‘বায়রামিনাইজ কুত্লু ওলসান’।
নিজের ভাষায় শুভেচ্ছা বিনিময়ের বিধান
নিজ নিজ ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ইসলামে কোনো বিধিনিষেধ নেই। তবে সুন্নতসম্মত পদ্ধতি বাদ দিয়ে সেগুলোকেই আত্মস্থ করা অনুচিত। এ ছাড়া সালাম বিনিময় ছাড়া বা সালামের আগেই কেবল ঈদের শুভেচ্ছা বিনিময় করা সঠিক নয়। অন্যান্য সময়ের মতো পরস্পর সালাম বিনিময়ের পর নিজ নিজ ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময় করা যেতে পারে।
হাদিসের আলোকে ঈদের শুভেচ্ছা বিনিময়
ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুন্নতসম্মত পদ্ধতি হলো, একে অপরকে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে দোয়া করা। এর অর্থ হলো ‘আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করুন।’ অর্থাৎ ঈদুল ফিতরে রোজা আর ঈদুল আজহায় হজ ও কোরবানি আল্লাহ যেন কবুল করেন।
হাবিব ইবনে ওমর আল-আনসারি বলেন, আমাকে আমার পিতা বলেছেন, আমি ওয়াসিলা ইবনুল আসকা (রা.)-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করে বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। তিনিও বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (মাজমাউজ যাওয়াইদ: ৩২৫৫)
ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর মুক্ত করা দাস আদহাম (রহ.) বলেন, আমরা ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-কে উভয় ঈদে বলতাম, ‘হে আমিরুল মুমিনিন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। তিনি আমাদের অনুরূপ বলে জবাব দিতেন এবং আমাদের এরূপ বলায় কোনো প্রকার অস্বীকৃতি জানাতেন না। (শুআবুল ইমান: ৩৭২০)
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
২ ঘণ্টা আগে