
প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাঁর নাম সংবিধানে লেখা হবে।
কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তার আগে গুরুত্বপূর্ণ এই গেজেটের খসড়া অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।
১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে আমাদের প্রস্তাব উত্থাপিত হবে। আশা করছি উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করবে।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বেশ কিছু খাত সংস্কারে হাত দিয়েছে, এ জন্য কয়েকটি কমিশন কাজ করছে। সংবিধান সংস্কার কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান নতুন করে প্রণয়ন বা পুনর্লিখন করা হবে। নতুন সংবিধানের দেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্তের বিষয়ে আমরা প্রস্তাব রেখেছি। দেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে লেখার বিষয়ে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’
সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর এক রিটের পরিপ্রেক্ষিতে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২২ সালের ২০ জুলাই রুল জারি করেছিলেন হাইকোর্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।
১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। এরপর তাঁর বাকি জীবন বাংলাদেশেই কাটে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়। ১৯৭৬ সালের জানুয়ারিতে কাজী নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট মারা যান কাজী নজরুল। মারা যাওয়ার ৪৮ বছর পর তাঁকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে