
ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন (এএইচসি) অনির্দিষ্টকালের জন্য ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করেছে। গতকাল মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আল-আমিন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন এএইচসির প্রথম সচিব মো. আল-আমিন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগরতলার পরিস্থিতির উন্নতি হলে এএইচসি অফিসের সাময়িক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।
এদিকে, মঙ্গলবারও আগরতলায় বাংলাদেশে কথিত হিন্দু সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ছিল। সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধের দাবিতে একটি মিছিলের নেতৃত্ব দেন। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরণ কুমার জানান, বিক্ষোভকারীরা আগরতলা-আখাউড়া সমন্বিত চেকপোস্টে প্রতিবাদ জানাতে চেয়েছিল, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি।
গত সোমবার এএইচসি প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি জানান, সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।
ত্রিপুরা রাজ্য সরকার সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষ এবং তিন সাব-ইন্সপেক্টর দিলু জমাতিয়া, জয়নাল হোসেন ও দেবব্রত সিংহকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করেছে। এ ঘটনায় র্যালি চলাকালীন নিরাপত্তা কর্মকর্তাদের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে একটি তদন্তও চলছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা ১৩ জন ব্যক্তি এএইচসি প্রাঙ্গণের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে, যেখানে বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত ছিলেন।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘অভিযুক্তদের শনাক্ত করে রাজ্যের সব থানায় সতর্কতা জারি করা হয়েছে। তারা শুধু আইন ভঙ্গ করেনি, বরং কূটনৈতিক মর্যাদার বিরুদ্ধেও কাজ করেছে, যা গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। তবে কাউকে শাস্তি থেকে নিস্তার পেতে দেওয়া হবে না।’
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাংলাদেশ সংক্রান্ত যেকোনো বিক্ষোভে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কিছু ব্যক্তি সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে জোর করে প্রবেশের চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের আচরণ কঠোরভাবে নিন্দনীয়। শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু বেআইনি কার্যকলাপ বরদাশত করা হবে না।’
আরও পড়ুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে