
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য সারোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে আজ উচ্চ আদালতের রায়ের পর সারোয়ার আলমগীরের শপথ নেওয়ার সব আইনি জটিলতার অবসান ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা বজায় রাখেন এবং নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সেই আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর।
এরপর হাইকোর্ট এক আদেশে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল-সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি স্থগিত করেন এবং তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ জামায়াত প্রার্থীর লিভ টু আপিল মঞ্জুর করলেও সারোয়ার আলমগীরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন। তবে একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিলেন, ঋণের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্থগিত থাকবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গণনা শেষে দেখা যায়, বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। তবে আদালতের স্থগিতাদেশের কারণে এত দিন তাঁর গেজেট ও শপথ আটকে ছিল। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ হাইকোর্ট রায় দেওয়ায় তাঁর প্রার্থিতা ও ভোটের ফলাফল সম্পূর্ণ বৈধতা পায়।
আদালতে আজ সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, জামায়াত প্রার্থী নুরুল আমিনের পক্ষে লড়েন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
১ ঘণ্টা আগে
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিশেষ কমিটি। রবিবারের বৈঠকে ২৬টি আমন্ত্রিত রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দল সরাসরি অংশ নেয়...
১ ঘণ্টা আগে