গ্রামের নাম ভাকুর্তা। চন্দ্রহার, রত্নচূড়া, পুষ্পহার, সীতাহার, চম্পাকলি, মোহনমালা, মান্তাশা, কানপাশা, ঝুমকা, চক্র বালি, কোমরের বিছা, ঝাঝুরা পায়েল, তোড়া, ব্রেসলেটসহ রকমারি গয়না তৈরি হয় সেখানে।
সে অনেক কাল আগে অভাবের সংসারে নববধূ হয়ে আসেন ববিতা। দিন এনে দিন খাওয়ার অবস্থাও ছিল না স্বামীর পরিবারে। সেই কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়াতে দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছে গয়না বানানোর কাজ শিখতে শুরু করেন। বহু চেষ্টাচরিত্র করে নাছোড়বান্দা ববিতা অল্প সময়ে নিজেকে প্রমাণ করে দিনে ৪০টি করে বিভিন্ন গয়না বানানো শুরু করেন। শুধু তা-ই নয়, ফরমায়েশি ডিজাইনের বাইরে নিজ উদ্যোগে গয়না ডিজাইন শুরু করেন ববিতা। সেগুলো বেশ বাজারপ্রিয়তাও পায় সে সময়। একপর্যায়ে তিনি নিজে কাজ করার পাশাপাশি অন্যদেরও গয়না বানানো শেখাতে শুরু করেন।
মূল সড়ক থেকে নেমে দুটি বাড়ির উঠান পেরিয়ে ছোট্ট বাঁশঝাড়। তারপর মেঠো পথ। পথ পেরোলেই খাল। তার কিনার ধরে মিনিটখানেক হেঁটে থামতে হবে একটি আধপাকা বাড়ির দুয়ারে। ইটের গাঁথুনি আর টিনের চাল দেওয়া তিনটি ঘর নিয়ে এই বাড়ির মূল দরজাও টিনের। সে বাড়ি থেকে আসছে তামা, রুপা আর পিতল পোড়ানোর ঝাঁজালো গন্ধ। অনুমতি নিয়ে ভেতরে ঢুকে দেখা গেল, একটি ঘরে কাঠের ছোট্ট টেবিল। তার ওপর পিতল আর তামার অসম্পূর্ণ গাঁথুনির মালা, গ্যাস টর্চসহ ধাতু গলানোর অন্যান্য অনুষঙ্গ পাশাপাশি রাখা। শোনা কথা বিশ্বাস হলো—এই গ্রামের নারীরা এক হাতে রান্না, অন্য হাতে গয়না তৈরির কাজ করেন! ববিতা রানী সরকার সেই নারীদের অন্যতম। ৪০ ছুঁই ছুঁই বয়সে শারীরিক অসুস্থতার কারণে এখন আর তেমন গয়না বানান না তিনি। তবে তাঁর হাত ধরে এই গ্রামের অন্তত ৩৫ জন নারী-পুরুষ গয়না বানানোর কাজ শিখেছেন এবং জীবিকা নির্বাহ করছেন। অসুস্থ ববিতা গয়না বানানোর কাজ না করলেও বাড়ির অন্য সদস্যরা সে কাজ করছেন। ববিতার পরিবার এখন বেশ সচ্ছল। ভিটেমাটিহীন ববিতার পরিবারের এখন নিজস্ব জমিতে বাড়ি হয়েছে। যার অধিকাংশ জোগান এসেছে তাঁর বানানো গয়না বিক্রির টাকা থেকে।
এই পেশায় প্রাপ্তি অনেক হলেও এখন আর এটা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এমনটা জানিয়ে ববিতা বলেন, ‘এই কাজে আর আগের মতো পয়সা নেই। পাশাপাশি অন্য কোনো পেশা না থাকলে এটা দিয়ে চলা যায় না। তাই গ্রামের অধিকাংশ কারিগর পেশা পরিবর্তন করছেন। মজুরির হার বর্তমান বাজারের সঙ্গে এতটাই অসামঞ্জস্য যে ভবিষ্যতে এই গ্রামের কারিগর খুঁজে পাওয়া মুশকিল হবে।’ ভারত থেকে চোরাই পথে আসা মানহীন ও কম দামের গয়নার কারণে তাঁদের তৈরি গয়নার চাহিদা কমে যাচ্ছে বলে মনে করেন ববিতা।
এখনো গয়না গ্রামে তৈরি গয়না দেশের বিভিন্ন স্থানের দোকানি ও ব্যবসায়ীরা নিয়ে যান। ঢাকার নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, চাঁদনী চকসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় সব বড় শপিং মলে গয়নার বড় জোগান যায়। সিটি গোল্ড বা অ্যান্টিক নামে এসব গয়না বিক্রি হয়।
এখানে প্রতি পিস নেকলেস ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। চুড়ির জোড়া ২০০ থেকে ৩০০ টাকা, সীতাহার ৬০০ থেকে ১ হাজার ১০০, নূপুর ৩০০ থেকে ৪০০, নাকফুল ২০ থেকে ৩৫ টাকা এবং টিকলি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। তবে এগুলো পাইকারদের কাছে বিক্রি করা হয় অপরিশোধিত অবস্থায়। পরে পাইকারেরা পরিশোধন করে দেড় থেকে দুই গুণ বেশি দামে বিক্রি করেন।
এই পেশার প্রতি ববিতার অগাধ টান ও মমতা আছে এখনো। সেই ভালোবাসা থেকে তাঁর আকুতি ও আবেদন, পুরোনো এই পেশাকে যেন টিকিয়ে রাখতে উদ্যোগ নেয় সরকার।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
৩ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে