
আমিষের উৎস হিসেবে লাল মাংসের বদলে হেরিং, সার্ডিন এবং অ্যাঙ্কোভির মতো তৃণভোজী মাছের ওপর নির্ভরতা বছরে ৭ লাখ ৫০ হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। খাদ্যাভ্যাসের এই পরিবর্তন সহায়তা করতে পারে জলবায়ুসংকট মোকাবিলায়ও। নতুন একটি গবেষণায় এমন পরামর্শ দেওয়া হয়েছে।
রেড মিট বা লাল মাংসের ব্যবহার মানুষের রোগের উচ্চ ঝুঁকি তৈরির পাশাপাশি পরিবেশের জন্যও যে উল্লেখযোগ্য ক্ষতির কারণ, তার সপক্ষে বিভিন্ন গবেষণায় আরও শক্ত প্রমাণ উঠে আসছে । বিপরীতে তৃণভোজী (প্ল্যাঙ্কটনভোজী) মাছ অত্যন্ত পুষ্টিকর, পরিবেশের বন্ধু এবং বিশ্বের মহাসাগরে এসব প্রজাতির মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়।
এই গবেষণায় অবশ্য খাদ্য হিসেবে শুধু মাছের উপকারিতা দেখানো হয়েছে। কিন্তু এটি স্পষ্ট নয় যে, লাল মাংসের পরিবর্তে এই মাছই আমিষের অন্যতম উৎস হলে তা রোগের বৈশ্বিক বোঝা কতটা কমাতে পারবে।
জাপান ও অস্ট্রেলিয়ার একদল গবেষক ১৩০টিরও বেশি দেশের ডেটা বিশ্লেষণ করে এমন ধারণা পেয়েছেন। এ ধরনের গবেষণায় এবারই সবচেয়ে বড় তথ্যভান্ডার ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা দেখেছেন, লাল মাংস খাওয়ার বদলে মাছ খাওয়া হলে বছরে ৭ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু রোধ করা যাবে। পাশাপাশি খাদ্য সম্পর্কিত রোগের ফলে সৃষ্ট শারীরিক অক্ষমতার প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।
এ ছাড়া এ ধরনের খাদ্যাভ্যাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষভাবে সহায়ক হবে। কারণ এসব সামুদ্রিক মাছ সস্তা এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষ করে যেসব এলাকায় হৃদরোগের প্রকোপ বেশি, সেখানে এটি উৎসাহিত করা যায় বলে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
বিএমজে গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে লেখা হয়েছে, মানুষের স্বাস্থ্য এবং পৃথিবীর স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের লাল মাংসের ব্যবহার সীমিত করা উচিত। স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাবারের দিকে নজর দেওয়া উচিত। লাল মাংসের সঙ্গে তুলনা করলে সামুদ্রিক মাছ কেবল প্রয়োজনীয় পুষ্টিই সরবরাহ করে না, এটি খাদ্য সম্পর্কিত অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধেও সহায়তা করে।
গবেষকেরা বলছেন, তৃণভোজী মাছ ওমেগা-৩ লং-চেইন পলি আন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড-সমৃদ্ধ। এ ধরনের খাবার হৃদ্রোগ প্রতিরোধ করতে পারে, পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন বি১২ আছে এতে। আর খাদ্যের উৎস হিসেবে সবচেয়ে কম কার্বন ফুটপ্রিন্ট রয়েছে এসব প্রজাতিতে।
বর্তমানে সারা বিশ্বে যে পরিমাণ সামুদ্রিক মাছ ধরা হয়, তার তিন-চতুর্থাংশই ফিশমিল এবং ফিশ অয়েল তৈরিতে ব্যবহার করা হয়। এসবের আবার বেশির ভাগই ব্যবহার করা হয় বাণিজ্যিক মাছ চাষের জন্য।
গবেষকেরা বিদ্যমান ডেটার ভিত্তিতে ২০৫০ সালে ১৩৭টি দেশে লাল মাংসের ব্যবহার এবং সামুদ্রিক মাছ ধরার প্রবণতা অনুমান করেছেন।
এই পদ্ধতিতে দেখা গেছে, খাদ্যাভ্যাস পরিবর্তনে ২০৫০ সাল নাগাদ খাদ্য-সম্পর্কিত রোগের কারণে ৭ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু ঠেকানো যাবে। এ ছাড়া এ ধরনের রোগের কারণে অক্ষমতার জীবনযাপন এড়ানো যাবে ১ কোটি ৫০ লাখ বছর।
অবশ্য গবেষকেরা স্বীকার করেছেন, তৃণভোজী মাছের সীমিত সরবরাহ বর্তমান চাহিদার লাল মাংসকে প্রতিস্থাপন করার জন্য যথেষ্ট নয়। তবে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন, অর্থাৎ লাল মাংসের বদলে মাছ খাওয়ার অভ্যাস করলে রোগের বৈশ্বিক বোঝা যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব।
গবেষকেরা বলছেন, এই গবেষণায় প্রাপ্ত ফলাফল লাল মাংসের একটি প্রতিশ্রুতিশীল বিকল্প হাজির করেছে। এই সমীক্ষা ভবিষ্যতে মাছ খাওয়ার প্রতি আরও মনোযোগ দিতে এবং মাছভিত্তিক খাদ্যনীতি প্রণয়ন এবং পুষ্টি সংবেদনশীল নীতিগুলোর প্রয়োজনীয়তার দিকে মনোযোগী হতে উৎসাহিত করবে।

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে