
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। আধা পাকা আউশ ধান ও আবাদ হওয়া রোপা আমনের খেত ভেসে যায়। ফলে এখনো অনেক জমি পড়ে আছে। কিছু জমিতে বন্যার পানি নেমে যাওয়ায় দেরিতে চাষ করা হয় আমন। সেগুলো এখনো পরিপক্ব হয়নি। আউশ ও আমনের ক্ষতি কাটিয়ে উঠতে পড়ে থাকা জমিতে বীজতলা বানিয়ে আগাম বোরো চাষে নেমেছেন কৃষকেরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ ট্রাক্টর দিয়ে, কেউ কোদাল, কেউবা আবার লাঙল দিয়ে মাটি তৈরি করছেন। অনেকেই আবার বীজতলায় সেচ দিচ্ছেন, মই দিয়ে সমান করছেন মাটি। কৃষানিরা ধানবীজ এনে কৃষকের হাতে তুলে দিচ্ছেন, কৃষক জমিতে বীজ ছিটিয়ে দিচ্ছেন।
এ বছর বন্যার ক্ষতি কাটিয়ে সর্বোচ্চ পরিমাণ জমিতে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো চাষের জন্য ৪০৬ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৮০ হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমি উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শে আদর্শ বীজতলা করা হয়েছে। চলতি বছর ৩০০ হেক্টর জমিতে আদর্শ বীজতলা তৈরির আশাবাদ রয়েছে কৃষি কার্যালয়ের।
কৃষকেরা জানান, আগে বীজ বপন করতে পারলে ধানের চারা সতেজ ও সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়।
উপজেলার দুলালপুর গ্রামের কৃষক কামাল হোসেন জানান, তিনি এবার তিন বিঘা জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নিয়েছেন। এখন বীজতলা তৈরি করছেন। দুই দিন পর বীজতলায় বীজ বপন করবেন।
একই গ্রামের কৃষক শাহাদাত হোসেন বলেন, ‘আমার জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে বীজতলা তৈরি করছি।’
শানু মিয়া বলেন, ‘আমি এবার কৃষি প্রণোদনা হিসেবে বোরো বীজ ও সার পেয়েছি। এখন বীজতলা তৈরি করে এসব বীজ ছিটাচ্ছি।’
ইসমাইল হোসেন বলেন, ‘আমি দুই বিঘা জমিতে বোরো ধান চাষাবাদের সিদ্ধান্ত নিয়েছি। কৃষি অফিস থেকে পাওয়া ধানবীজ বীজতলায় বপন করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বীজতলা থেকে ভালো চারা পাওয়ার আশা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, চলতি বছর বন্যার কারণে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হন। এই ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। ৬ হাজার ৫০০ কৃষককে উচ্চ ফলনশীল জাতের উফসি ধান বীজ ও সার দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪০০ কৃষককে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হয়েছে।
মাসুদ রানা আরও বলেন, ‘উপজেলা কৃষি কার্যালয় ও উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদানসহ মাঠপর্যায়ে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি কৃষকেরা বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে