
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এ তিনি আত্মসমর্পণ করেন। তবে এখনো শুনানি হয়নি।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। শুনানির অপেক্ষায় আছেন।’
সকাল সাড়ে ১০টার দিকে আদালত এলাকায় উপস্থিত হন আমান উল্লাহ আমান। এ সময় কেরানীগঞ্জ থানা বিএনপির শত শত নেতা-কর্মীও আসেন। আত্মসমর্পণকে ঘিরে তাঁরা মিছিল-সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের দিকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল মেরেছেন। পুলিশও লাঠিচার্জ করেছে। তবে কিছু সময় পরই বিএনপির নেতা-কর্মীরা আদালত এলাকা ত্যাগ করেন।’
এর আগে গত তিন সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। একই সঙ্গে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাবেরা আমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি অন্তর্বর্তীকালীন জামিন দেন। গতকাল শনিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমান উল্লাহ আমান আজ আত্মসমর্পণ করলেন।
গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রাখেন আদালত। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন, সাবেরাকে দেন তিন বছরের কারাদণ্ড। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে