
শেরপুরের গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব বেড়েই চলেছে। দখলদারদের কারণে বনে পর্যাপ্ত খাদ্য না পেয়ে প্রতিদিনই হাতির দল লোকালয়ে নেমে আসছে। ধানখেতে হানা দিচ্ছে। হাতির আক্রমণের ভয়ে খেতের আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন সীমান্ত এলাকার অনেক কৃষক।
ধান রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের জিআই তারে জড়িয়ে এবং মানুষের আঘাতে মারা পড়ছে একের পর এক বন্য হাতি। আবার হাতির আক্রমণে মারা পড়ছে মানুষও। এভাবেই পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে হাতি-মানুষের দ্বন্দ্ব। এক সপ্তাহ আগেও নালিতাবাড়ী উপজেলার বাতকুচি টিলাপাড়া এলাকায় ধানখেতের বিদ্যুতের ফাঁদে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে এ দ্বন্দ্বের নিরসন চান পরিবেশবিদেরা। তাঁরা বলছেন, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজন হাতির অভয়ারণ্য ও পর্যাপ্ত খাবারের জোগান।
জানা গেছে, একসময় শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বনাঞ্চল বিস্তৃত ছিল বিশাল এলাকাজুড়ে। কিন্তু কালের বিবর্তনে পাহাড়ে বসতি স্থাপন করেছে মানুষ। ধীরে ধীরে ছোট হয়ে এসেছে হাতির বিচরণক্ষেত্র। ১৯৯৫ সালে ভারতের মেঘালয় রাজ্যের গহিন পাহাড় থেকে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসা শতাধিক বন্য হাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে খাদ্যের অভাবে নানা সময় নেমে আসছে সীমান্তের ফসলের খেত ও বাড়িঘরে। এতে ফসল বাঁচাতে বাধা দিচ্ছে মানুষ। নানাভাবে মারা হচ্ছে হাতি। ক্ষিপ্ত হয়ে হাতিও আক্রমণ করছে মানুষকে। মারা পড়ছে মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল-বাড়িঘর। এভাবে দুই যুগেরও বেশি সময় ধরে চলে আসছে হাতি-মানুষের লড়াই।
বিশেষ করে পাকা ধানের মৌসুমে লোকালয়ে হাতির আনাগোনা বেড়ে যায়। পাহাড়ে খাদ্যের অভাবে হাতির দল নেমে আসে কৃষকের ধানখেতে। কৃষকেরা ধান ও জানমাল রক্ষায় মশাল, বল্লম ও পটকা নিয়ে খেত পাহারা দেন। শুরু হয় হাতি-মানুষের পাল্টাপাল্টি ধাওয়া। হাতি এখন আগুন ও শব্দে ভয় পায় না। তবে হাতি হত্যার দায় নিতে চান না স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাঁদের দাবি, হাতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা।
নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘হাতির আক্রমণের ভয়ে আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারছি না। এখন রাত জেগে মশাল নিয়ে বাড়িঘর ও খেত পাহারা
দিচ্ছি। হাতি প্রায় সময়েই আমাদের ফসল খেয়ে যাচ্ছে।’
বন বিভাগের তথ্যমতে, গত এক যুগে শেরপুরের গারো পাহাড়ে মারা পড়েছে অন্তত ৩০টি বন্য হাতি। বিপরীতে হাতির আক্রমণে মারা পড়েছেন ৩৫ জন মানুষ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। ক্ষতি হয়েছে স্থানীয়দের ঘরবাড়ি ও ফসলের। তবে বৈদ্যুতিক শকে হাতি মারার ঘটনায় গত তিন বছরে মাত্র তিনটি মামলা করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন শাইনের সভাপতি মুগনিউর রহমান মনি বলেন, হাতি হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়ায় থামছে না হাতির মৃত্যু। তাই হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে বনে হাতির পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা ও সীমান্তে অভয়ারণ্য তৈরি করতে হবে। তা হলেই হাতি-মানুষ দ্বন্দ্ব কমিয়ে আনা সম্ভব হবে।
শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান বলেন, সীমান্তে সোলার ফেন্সি, বায়ো ফেন্সি করে এবং ইআরটি টিমের সংখ্যা বাড়িয়ে হাতি-মানুষের দ্বন্দ্ব কমানোর চেষ্টা করা হচ্ছে। হাতির কারণে যাঁদের আবাদি ফসল, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তাঁদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি কীভাবে দ্রুত নিশ্চিত করা যায়, তা নিয়ে ভাবতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, শেরপুর সীমান্তের বনাঞ্চলে এখন কমবেশি প্রায় ১২০টির মতো হাতি বিচরণ করছে। এগুলো পরিযায়ী হাতি হলেও এখন প্রায় ৪০-৫০টি বন্য হাতি দীর্ঘদিন ধরে শেরপুর সীমান্তে অবস্থান করছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে