
নাটোরের বাগাতিপাড়ায় রাহাতন খাতুন নামে ৭৬ বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) মৃত আসায় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং বাগাতিপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেড়াবাড়িয়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী রাহাতন খাতুন জানান, প্রায় সাত বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন তিনি। সম্প্রতি মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা দেওয়া হবে জানানো হয়। কিন্তু পরে আর টাকা পাননি। সর্বশেষ দুই দফায় কোন টাকা না পেয়ে বিষয়টি নিয়ে অফিসে যোগাযোগ করেন। এ সময় জানতে পারেন জাতীয় পরিচয়পত্রে তাঁর নামে মৃত থাকায় বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। তাই এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিস গেলে বারবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দুই থেকে তিন মাস পর স্থানীয়দের সহায়তা নিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে। কিন্তু এরপর আর আমাকে বয়স্ক ভাতা দেওয়া হয়নি।
জীবিত থাকার পরও কীভাবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এত দিন ঠিকই ভাতা পেতাম। কিন্তু হঠাৎ করে কীভাবে এই ঝামেলা হল তা বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তথ্য হালনাগাদের সময় কোনোভাবে ভুলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যারে যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রে মৃত থাকায় তাঁর ভাতা বন্ধ হয়ে গেছে। নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বলা হলেও নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। ফলে তাঁর জায়গায় অন্য আরেকজনকে এই সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থান শূন্য হলে বা নতুন বরাদ্দ পেলে তাঁকে অগ্রাধিকার ভিত্তিতে ভাতার আওতায় আনা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে