
গবেষকেরা ৫০ বছর পর এই প্রথম অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ইনজেকশনের মাধ্যমে নতুন একটি চিকিৎসা আবিষ্কারের দাবি করেছেন। তাঁরা বলছেন, এই ইনজেকশন রোগীর শরীরের একটি বিশেষ ধরনের প্রতিরক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, যা অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রোগে সক্রিয় হয়ে ওঠে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ওই ওষুধের নাম বেনরালিজুমাব। বর্তমানে এই ইনজেকশন রোগীদের গুরুতর অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
গবেষকেরা আশা করছেন, এই ওষুধ যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২০ লাখ অ্যাজমা আক্রমণের চিকিৎসায় নিয়মিতভাবে ব্যবহার করা যেতে পারে।
কিংস কলেজ লন্ডনের গবেষক দলটি এই ওষুধকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, এটি অ্যাজমা ও সিওপিডি রোগীদের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে।
গবেষণায় দেখা গেছে, অ্যাজমা বা সিওপিডি আক্রমণ সব রোগীর ক্ষেত্রে একইভাবে ঘটে না। এটি নির্ভর করে শরীরের কোন প্রতিরক্ষাব্যবস্থা অতি সক্রিয় হচ্ছে।
বেনরালিজুমাব ‘ইওসিনোফিল’ নামে একটি বিশেষ শ্বেত রক্তকণিকা লক্ষ্য করে কাজ করে। ইওসিনোফিল ফুসফুসে প্রদাহ সৃষ্টি ও ক্ষতি করে। বলা হচ্ছে, প্রায় অর্ধেক অ্যাজমা আক্রমণ ও এক-তৃতীয়াংশ সিওপিডি আক্রমণের জন্য দায়ী এই ইওসিনোফিল।
নতুন ওষুধটির একটি পরীক্ষায় ১৫৮ জন রোগীকে তিন মাস পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। এই রোগীদের নিরাময়ের ক্ষেত্রে প্রচলিত স্টেরয়েড ব্যবহার করে ব্যর্থতার হার ছিল ৭৪ শতাংশ। অন্যদিকে বেনরালিজুমাব ব্যবহার করে ব্যর্থতার হার কমে দাঁড়িয়েছিল ৪৫ শতাংশ।
দেখা গেছে, নতুন চিকিৎসায় রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম অনুভব করেছেন। অনেকের ক্ষেত্রে পুনরায় চিকিৎসারও প্রয়োজন হয়নি। সর্বোপরি মৃত্যুঝুঁকিও হ্রাস পেয়েছে।
পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের মধ্যে ৫৫ বছর বয়সী অ্যালিসন স্পুনার ছোটবেলা থেকেই অ্যাজমায় ভুগছেন। তিনি জানান, ইনজেকশন নেওয়ার পর তিনি ‘নাটকীয় পরিবর্তন’ অনুভব করেছেন। তিনি বলেন, ‘এটি পুরোপুরি অ্যাজমা দূর করে না। তবে এটি নিরাময়ের সবচেয়ে কাছাকাছি যেতে পারে। এটি একটি আশ্চর্য।’
৭৭ বছর বয়সী জিওফ্রে পয়েন্টিং বলেন, ‘স্টেরয়েডের মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করিনি। বরং রাতে ভালো ঘুম হয়েছে এবং জীবন স্বাভাবিকভাবে চলেছে।’
বেনরালিজুমাব এখনো সাধারণ ব্যবহারের জন্য প্রস্তুত নয়। আগামী বছর এই ইনজেকশন নিয়ে একটি বড় আকারের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা চলবে দুই বছর। পরবর্তীতে ওষুধটির কার্যকারিতা ও খরচ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিটিশ অ্যাজমা চিকিৎসক ডা. সামান্থা ওয়াকার বলেছেন, ‘এই গবেষণার ফলাফল চমৎকার। তবে দুঃখজনক বিষয় হলো—৫০ বছরে এটি প্রথম নতুন চিকিৎসা।’
আরও খবর পড়ুন:

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে