
উত্তর প্রদেশে অভিযুক্তের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আজ রোববারই ছিল বিচারপতি চন্দ্রচূড়ের শেষ কর্মদিবস। কাল থেকেই তিনি অবসরে যাচ্ছেন।
উত্তর প্রদেশ রাজ্যের এক সাংবাদিকের পৈতৃক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মামলায় শেষ শুনানি ছিল প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে। সেই মামলার শুনানিতে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের বাড়ির সুরক্ষা ও নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাজ্যও এই নিয়ম মানতে বাধ্য। কোনো বেআইনি নির্মাণ বা জমি দখলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মেনেই পদক্ষেপ করতে হবে।’
রায় ঘোষণায় বিচারপতি বলেন, কোনো সভ্য দেশে বুলডোজার দিয়ে বিচার হয়ে থাকে এমন দেখা যায় না। যদি কোনো রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ধরনের অনৈতিক ও বেআইনি কাজের অনুমতি দেয়, সে ক্ষেত্রে মানতেই হবে যে তা অত্যন্ত ভয়াবহ বিষয়।
এর আগে গত বুধবার ২০১৯ সালে শাস্তিস্বরূপ এক ব্যক্তির বাড়ির গুঁড়িয়ে দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকারকে তিরস্কার করেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সড়ক প্রশস্তকরণ এবং দখল হওয়া সরকারি জায়গা পুনরুদ্ধারের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন আদালত।
২০১৯ সালে মহারাজগঞ্জ জেলার ওই সাংবাদিকের বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে তদন্ত করতে উত্তর প্রদেশের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাঁকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।
বিচারপতি চন্দ্রচূড় বলেন, একজন মানুষের চূড়ান্ত নিরাপত্তার স্থান হচ্ছে তাঁর বাড়ি। আইন নিঃসন্দেহে বেআইনিভাবে সরকারি সম্পত্তি দখল ও দখলদারত্বকে প্রশ্রয় দেয় না। আইনের শাসনে ‘বুলডোজার বিচার’ একেবারেই অগ্রহণযোগ্য। এসব বিচার চলমান থাকলে সংবিধানের ৩০০এ ধারায় সম্পত্তির অধিকারের কোনো মানে থাকবে না।
সুপ্রিম কোর্ট বলেন, যদি কোনো জবরদখলের প্রমাণ পাওয়া যায়, তবে রাষ্ট্রকে অবশ্যই এর বিপরীতে নোটিশ জারি করতে হবে। যদি নোটিশের যথার্থতা ও বৈধতা নিয়ে আপত্তি জানানো হয় তবে রাজ্য প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিগুলো মাথায় রেখে একটি ‘স্পিকিং অর্ডার’ জারি করবে। আপত্তি প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকলে জবরদখলে অভিযুক্ত ব্যক্তিকে উচ্ছেদের জন্য একটি যুক্তিসংগত নোটিশ দেওয়া হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘বুলডোজারের মাধ্যমে বিচার—এটি সভ্য সমাজে অজানা। যদি রাজ্য সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের অনৈতিক ও বেআইনি কার্যকলাপের অনুমতি দেওয়া হয়, তবে তা অত্যন্ত ভয়ংকর ব্যাপার।’
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বুলডোজার অ্যাকশন বা বুলডোজার জাস্টিস নিয়ে একাধিক মামলা চলছে। যেখানে অপরাধীদের বা কেবল সন্দেহের বশে কোনো ব্যক্তির বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা প্রায়ই ঘটছে।
গত জুনেও ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ১১টি বাড়ি। ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে