শুধু যে চিংড়ি দিয়ে কুচি কুচি করে লাউ খাবেন, তা তো নয়। কচি লাউ দিয়ে মজাদার ডেজার্টও তৈরি করা যায়। বৈরাগী হওয়ার আগে একবার খেয়ে দেখুন। লাউ দিয়ে তৈরি দু্টি ডেজার্টের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
দুধ লাউ
উপকরণ
কচি লাউ কুচি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, দারুচিনি ১ টুকরা, এলাচি ২টি, তরল দুধ ১ লিটার, আধভাঙা পোলাওর চাল ১ কাপের ৪ ভাগের এক ভাগ, খেজুরের গুড় ১ কাপ, কিশমিশ ইচ্ছেমতো, আমন্ড বাদাম কুচি ইচ্ছেমতো।
প্রণালি
লাউকুচি সেদ্ধ করে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর প্যানে ঘি দিয়ে তা হালকা ভেজে নিতে হবে। এতে লাউয়ের সঙ্গে ঘি মিশে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হবে।
দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে তাতে আধভাঙা চাল, দারুচিনি ও এলাচি দিয়ে জ্বাল দিন। চাল সেদ্ধ হয়ে এলে তাতে ভেজে রাখা লাউ দিয়ে আবার ফোটাতে হবে। এরপর চুলার আঁচ কমিয়ে গুড় দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। গুড় দেওয়ার পর বেশিক্ষণ জ্বাল দেওয়া যাবে না। নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। পরিবেশনের আগে কিশমিশ ও বাদামকুচি দিয়ে দুধ-লাউ সাজিয়ে নিন।

লাউয়ের লাড্ডু
উপকরণ
লাউকুচি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, নারকেলবাটা আধা কাপ, গুঁড়া দুধ ১ কাপ, এলাচিগুঁড়া সামান্য।
প্রণালি
লাউয়ের মাঝখানের বিচির অংশ বাদ দিয়ে মিহি কুচি করে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর প্যানে ঘি দিয়ে লাউকুচি মাঝারি আঁচে ভাজতে হবে। হালকা ভাজা হয়ে এলে তাতে চিনি মেশাতে হবে। চিনি থেকে পানি ছাড়লে নারকেলবাটা ও এলাচিগুঁড়া দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চিনির পানিতে লাউ সেদ্ধ হয়ে যাবে সহজে। চিনির পানি শুকিয়ে মিশ্রণ ঘন হয়ে এলে গুঁড়া দুধ দিয়ে নিবু নিবু আঁচে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঘন হয়ে শুকিয়ে এলে প্যান থেকে নামিয়ে নিতে হবে লাউ। মিশ্রণ গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকার দিয়ে নিতে হবে। ঠান্ডা করে পরিবেশন করুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে