
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসে বিচারক শেখ হাফিজুর রহমান মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমের জবানবন্দি নেন।
অন্যদিকে এ মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেছে প্রসিকিউশন। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ আবেদন করেন।
গত ২৩ মে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর দুটি ধার্য তারিখে বাদী জবানবন্দি দেন। আজ জবানবন্দি শেষ হওয়ার পর আসামি এমএএইচ সেলিমের আইনজীবী জাকারিয়া হায়দার ও তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে তাঁর আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল বাদী মাহবুবুল আলমকে জেরা করেন।
উভয়ই বাদীকে প্রশ্ন করেন—নাইকো কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধান করাকালীন সেলিম ও মামুনের কোনো সম্পৃক্ততা পেয়েছিলেন কি না? উত্তরে বাদী বলেন, তিনি অনুসন্ধানকালে নাইকো কেলেঙ্কারির সঙ্গে দুজনের কোনো সম্পৃক্ততা পাননি। পরে তদন্ত কর্মকর্তা তাঁদের সম্পৃক্ততা পেয়েছেন।
এদিকে এফবিআইয়ের এক কর্মকর্তা ডেবরা ল্যাপ্রেভোট গ্রিফিত ও কানাডার রয়াল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা কেভিন ডুগান এবং লিওড শোয়েপকে এ মামলার সাক্ষী হিসেবে আদালতে হাজির করার একটি সম্পূরক আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল ও খুরশিদ আলম আদালতকে বলেন, ২০১৮ সালে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একটি দরখাস্ত দিয়ে তিন কর্মকর্তাকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেছিলেন। ওই আবেদনেরই একটি সম্পূরক আবেদন করা হয়েছে।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘আপনাদের আবেদনে যাঁদের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তাঁদের কোনো ঠিকানা নেই। সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করলে তাঁদের হাজির হতে সমন পাঠাতে হবে। কিন্তু ঠিকানা ছাড়া সমন যাবে কীভাবে?’
তখন অ্যাটর্নি জেনারেল ও দুদকের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা নতুন করে ঠিকানাসহ আরেকটি আবেদন আগামীকাল জমা দেব।’ আদালত তখন এই আবেদনের ওপর আগামী ১৭ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় অন্য যাঁরা আসামি তাঁরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এদের মধ্যে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে