
ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এসংক্রান্ত চিঠি দেন তিনি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আজকে আপিল করলাম। এখন আপিলের শুনানির অপেক্ষায় থাকি। মন্ত্রিপরিষদ ও স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারেন। ফলাফলটা আগে দেখবেন।’
ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল ডিএমপি কমিশনার কিছু কথা বলেছেন, তিনি বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাঁকে একটি কথাই বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন যে, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমরা নাকি তাঁকে বলে যাইনি। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো পুলিশ ছিল, তাহলে বলে কেন যেতে হবে? তাঁরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, ‘এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। বগুড়ায় ও ঢাকায় মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করব? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের সামনে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে আমি জনগণের পেছনে কাজ করতেছি। এর বাইরে কিছু না। জনগণ আশা হারিয়ে ফেলেছে যে, ভোটকেন্দ্রে গিয়ে কী হবে?’
সিইসিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনের দিন ই-মেইলে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। বিকেল ৩টায় বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে সরকারদলীয় ক্যাডার দ্বারা আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি এই নির্বাচন বিধিসম্মত হয়নি।’
প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল করে পুনর্নির্বাচনের লিখিত দাবি জানান তিনি।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১১ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে