মণি সিংহের নামটিই হয়ে উঠেছিল সংগ্রামের প্রতীক। বিপ্লবের প্রতি অবিচল নিষ্ঠা, দেশপ্রেম, মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার মতো বহু মহৎ মানবিক গুণের সমাহার ঘটেছিল তাঁর মধ্যে। তাঁর সংগ্রামী জীবন ব্যাপ্ত ছিল ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ কালপর্বে। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও ব্রিটিশবিরোধী সংগ্রাম, টঙ্ক ও তেভাগা আন্দোলনের নেতা।
মণি সিংহের জন্ম ১৯০১ সালের ২৮ জুন নেত্রকোনার সুসং-দুর্গাপুরে। তাঁর দাদা ছিলেন জমিদার। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য কলকাতায় যান। সেখানে গিয়ে ১৯১৪ সালে তিনি ব্রিটিশবিরোধী সশস্ত্র গোষ্ঠী ‘অনুশীলন’ দলে যোগ দেন। এক দশক সেখানে সক্রিয় থাকার পর ১৯২৫ সালে যোগ দেন ভারতের কমিউনিস্ট পার্টিতে।
১৯২৮ সালে কলকাতার মেটিয়াবুরুজে কেশরাম কটন মিলে শ্রমিকদের ১৩ দিনব্যাপী ধর্মঘটে নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের মাধ্যমে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে প্রথম সফলতা অর্জন করেন। ১৯৩০ সালে গ্রেপ্তার হয়ে আট বছর পর জেল থেকে মুক্তি পেয়ে জন্মস্থানে ফিরে আসেন। এখানে এসে তিনি আবার কৃষকদের সংগঠিত করে টঙ্ক প্রথার বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন সশস্ত্র রূপ নিলে পাকিস্তান সরকার ১৯৫১ সালে টঙ্ক প্রথা বাতিল করে এবং মণি সিংহের ওপর হুলিয়া জারি করে তাঁর সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে নেয়।
দেশভাগের পর তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৭ সালে আবার গ্রেপ্তার হন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন মণি সিংহ।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে তিনি কমিউনিস্ট পার্টির কংগ্রেসে পার্টির সভাপতি নির্বাচিত হন। এরপর আজীবন এই পদে দায়িত্ব পালন করেন। তাঁর লড়াইয়ের গল্প উঠে এসেছে ‘জীবন সংগ্রাম’ নামের আত্মজীবনীতে।
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
২ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে