অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার দুই সপ্তাহ পর স্থানীয় সময় গতকাল শনিবার ডুবে গেছে ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজ রুবিমার। ডুবে যাওয়ার আগে কয়েক দিন ধরেই জাহাজটি অ্যাডেন উপসাগরে ভাসছিল এবং এর ভেতরে পানি ঢুকছিল।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ করে হামলা শুরু করার পর এটিই প্রথম কোনো জাহাজ ডুবির ঘটনা।
হামলার সময় রুবিমার জাহাজে করে সার পরিবহন করা হচ্ছিল। তাই জাহাজটি ডুবে যাওয়ায় এটি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়েছিল। ১০ দিন আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল, জাহাজটি পানিতে ভাসছে এবং এর ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিবিসির হাতে আসা একটি ছবিতে দেখা গিয়েছিল—সামনের অংশ ডুবে গেলেও জাহাজটি তখনো পানির ওপর ভাসমান ছিল।
সে সময় ডুবে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেও মালিকপক্ষ আশা করেছিল, ক্ষতিগ্রস্ত রুবিমার জাহাজটিকে কাছাকাছি জিবুতিতে নিয়ে যাওয়া হবে। ডুবে যাওয়ার মুহূর্তে জাহাজটিতে কেউ অবস্থান করছিল কি না এখনো জানা যায়নি।
জানা গেছে, বেলিজের পতাকাবাহী রুবিমার জাহাজটি পরিচালনা করত লেবাননের একটি সংস্থা। তবে এটির মূল মালিক গোল্ডেন অ্যাডভেঞ্চার শিপিং কোম্পানি। ব্রিটিশ বন্দর সাউদাম্পটনের একটি ঠিকানা দেওয়া আছে এই সংস্থাটির।
অ্যামোনিয়াম নাইট্রেট সার বহন করা রুবিমার ডুবে যাওয়াকে ‘নজিরবিহীন পরিবেশ বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক। সাগরের পানিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছড়িয়ে দক্ষিণ লোহিত সাগরের প্রবাল প্রাচীর, উপকূলীয় ম্যানগ্রোভ এবং সামুদ্রিক জীবন ও বাস্তুতন্ত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসও।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতি এক টুইটে বলেছেন, গাজায় ত্রাণবাহী ট্রাকগুলোকে অনুমতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং যুক্তরাজ্য সরকারের সুযোগ ছিল রুবিমারকে রক্ষা করার।
গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হামলার ফলে অসংখ্য শিপিং কোম্পানি আল-মান্দাব প্রণালির এই পথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিশ্বের সমুদ্রবাহিত বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবহন হয় এই পথ ব্যবহার করে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে