সয়াবিন তেলের দাম নিয়ে নানা কাণ্ড ঘটে গেল। সামনে রমজান এবং ঈদ, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি, মজুত তেল দোকান পর্যন্ত আসছে না ইত্যাদি নানা ঘটনার মধ্য দিয়ে কাটল নাটকীয় কিছুদিন। সরকারপক্ষ থেকে আন্তর্জাতিক বাজারের দিকেই দৃষ্টি দিতে বলা হলো, এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো সিন্ডিকেটের কথা। কিন্তু সবচেয়ে জরুরি তথ্য হলো, ক্রেতারা বাজারে-দোকানে ঘুরে তেলের সন্ধান পাননি এই কদিন।
নানা মাধ্যমে ক্রেতাদের মুখে তেল-বিষয়ক হতাশার কথা আমরা জেনেছি। হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে গেল তেল। কোথাও কোথাও খানিক চড়া দামে মিলতে লাগল। কেউ আবার শর্ত দিলেন, তেল পাওয়া যাবে বটে, কিন্তু সঙ্গে কিনতে হবে অন্য পণ্য।
অতীতেও আমরা দেখেছি, কোনো কিছুর দাম বেড়ে গেলে কিংবা কোনো কিছু বাজার থেকে উধাও হয়ে গেলে সরকারের তরফ থেকে যেনতেন একটা ব্যাখ্যা হাজির করা হয়। যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা ভাঙা রেকর্ডের মতো সে কথাগুলোই বলতে থাকেন। ক্রেতার দরকার খেয়ে-পরে বাঁচার নিশ্চয়তা। আন্তর্জাতিক কিংবা দেশীয় ষড়যন্ত্রের কথায় তাঁদের মন বা পেট কিছুই ভরে না। বিগত সরকারের সময়ও করোনা এবং যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধির কথা বলা হয়েছিল। তার অনেকটাই সত্য ছিল। কিন্তু সেসব কথা উপলব্ধিতে নেয়নি জনগণ। তাদের চাহিদা খুব বেশি নয়। সে চাহিদা মেটানো যখন কঠিন হয়ে পড়ে, তখন সরকারের সমালোচনাই করে থাকে তারা।
আগস্টের পালাবদলের পর কারণ ছাড়াই ডিম, পেঁয়াজ, আলু যে খেল দেখাল, তাতে ক্রেতাসাধারণ বুঝতে পারল, ক্ষমতার একটা ম্যাজিক আছে। যাঁরা ক্ষমতায় যান, তাঁরা কীভাবে যেন মূল্যবৃদ্ধিকে জায়েজ করার একটা পথের সন্ধান পেয়ে যান। আলু যে ৭০ টাকায় স্থির হয়ে অনেকগুলো দিন হেসেখেলে কাটিয়ে দেবে, সেটা কে জানত? ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কোনো তাৎক্ষণিক সুরাহাও তো করা যায়নি। এরপর পেঁয়াজ-ডিমের দাম কিছুটা কমেছে বটে, কিন্তু আগের দামে ফিরে এসেছে, এমন আলামত পাওয়া যায়নি।
সয়াবিন তেলের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। ভাবার যথেষ্ট কারণ আছে, দাম বৃদ্ধির আগপর্যন্ত বড় মজুতদারেরা তেল ছাড়েননি। যারা তেলের বাজার নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে সরকারি মহল আলোচনায় বসেছে ঠিকই, কিন্তু দাম বাড়ানোর আগপর্যন্ত সংকটের সুরাহা হয়নি। ভেবে নেওয়ার যথেষ্ট কারণ আছে, ব্যবসায়ী মহলের দাপটের কাছে কখনো কখনো আমাদের রাজনীতি নতজানু হয়।
কেউ কেউ সিন্ডিকেটের ব্যাপারটিকে পাত্তাই দিতে চাইছেন না। অথচ বিগত সরকারের আমলে এদেরই অনেকে সিন্ডিকেট ভাঙার প্রশ্নে সোচ্চার ছিলেন। তাহলে কি সরকারি গদিতে বসার সঙ্গে সঙ্গে সিন্ডিকেট-বিষয়ক অবস্থানেরও পরিবর্তন হয়ে থাকে? যে সিন্ডিকেট নিয়ে এত সমালোচনা হলো, এখনো তা টিকে আছে কী করে? কারা সিন্ডিকেট করেছিল বিগত সরকারের আমলে? কেন তাদের বিচার হচ্ছে না?
প্রশ্নগুলোর সঙ্গে সাধারণ ক্রেতার জীবন সরাসরি যুক্ত। প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া উচিত নয়।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
৭ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
৭ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
৭ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে