এসপি হতে পারেন তিনি। কিন্তু এ কথা তো সত্য, তিনি চলেন জনগণের করের টাকায়। যে দেশে বাস করেন, সে দেশের ইতিহাস-ঐতিহ্যকে অপমান করেও দিব্যি তিনি ব্রাহ্মণবাড়িয়ার এসপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় সালাম দেননি। পুষ্পস্তবক অর্পণ করেননি স্মৃতিসৌধে। রাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি সরকারি পদে থাকা অবস্থায় করণীয় বিষয়গুলো অবজ্ঞা করছেন, তাঁর কি নৈতিকভাবে এই পদে থাকার অধিকার আছে? এ রকম প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক শুধু এবারই প্রথম আমাদের অর্জনকে অবজ্ঞা করলেন, এমন নয়। একুশে ফেব্রুয়ারিতেও তিনি একই কাজ করেছিলেন। তিনি সেদিন শহীদ মিনারে উপস্থিত থাকার পরও রাষ্ট্রীয় সালাম দেননি, মিনারে পুষ্পস্তবক অর্পণ করেননি। অর্থাৎ প্রজাতন্ত্রের সেবক হিসেবে ন্যূনতম শিষ্টাচারের যে প্রয়োজন আছে, তা তিনি এড়িয়ে গেছেন।
৫ আগস্ট যে পরিবর্তন এসেছে, সে পরিবর্তন কি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার কোনো প্রকল্প বলে কেউ কেউ মনে করছেন? যে শিক্ষার্থী ও জনতা আগস্ট মাসে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের কেউ কি এই দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতাকে বিসর্জন দিতে চেয়েছিল? সে রকম কোনো কথা কি তারা বলেছিল? সে সময়ের দেয়াললিখন, গ্রাফিতিতে মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার অঙ্গীকারই দৃশ্যমান। কতিপয় স্বাধীনতাবিরোধী কি আওয়ামী লীগের পতনকে মুক্তিযুদ্ধের অর্জনের পতন বলে মনে করছে? এ প্রশ্নের উদয় হয়েছে ৫ আগস্টের অব্যবহিত পরেই—যে সময় মুক্তিযুদ্ধের স্মারকগুলো নির্মমভাবে ভূলুণ্ঠিত করা হচ্ছিল। এই বিষয়টিকে কীভাবে দেখছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনতা? তাদের বেশির ভাগই তো আন্দোলনে সাফল্যের পর ফিরে গেছে যে যার কাজে। তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়েছে কি?
ব্রাহ্মণবাড়িয়ার এই এসপির রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, একটি রাষ্ট্রের রীতিনীতিকে শ্রদ্ধা করতে না পারলে তিনি রাষ্ট্রীয় দায়িত্বে থাকার উপযুক্ত কি থাকেন? তাঁর এই আচরণের জন্য তিনি কি ক্ষমা চেয়েছেন? সাংবাদিকেরা তাঁর কাছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি, বরং সরাসরি তাঁর কাছে গিয়ে শুনে আসতে বলেছেন। কেন ব্যক্তিগতভাবে তাঁর কাছে গিয়ে তাঁর ব্যাখ্যা শুনতে হবে?
এই এসপি তাঁর আচরণ দিয়ে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন। ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত এই দেশকেও তিনি অপমান করেছেন। তিনি রাষ্ট্রের কর্মচারী হিসেবে যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করেননি—এ কথা বলা হলে কি ভুল বলা হবে?
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব অপ্রীতিকর ঘটনার খবর আসে, তার কতটাইবা পত্রিকার পাতায় ছাপা হয়? সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিক ভিডিও বা অডিওর কল্যাণে অনেকেই এই অস্থিরতার সঙ্গে পরিচিত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এসপি সাহেব তো প্রকাশ্যেই অসম্মান করলেন জাতীয় পতাকাকে। প্রশাসনিকভাবে তাঁর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানার অধিকার রয়েছে দেশের মানুষের।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
৩ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
৩ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে