
ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
২০১৮ সালে কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে শেষ বলের রোমাঞ্চে ৩ উইকেটে জিতেই উদযাপন শুরু বাংলাদেশের। প্রথম ছয় এশিয়া কাপের ছয়টিতে জেতা ভারতকে তখন হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সালমার নেতৃত্বাধীন সেই দলে ছিলেন নিগার সুলতানা জ্যোতিও। সাত বছর আগে নারী এশিয়া কাপ জয়ের পর দেশজুড়ে কীভাবে উদযাপন করা হয়েছিল, সেটা এখনো মনে আছে জ্যোতির। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর আমাদের নারী ক্রিকেটে একটা বিপ্লব ঘটেছিল। আমরা ধারাবাহিকভাবে ভালো করছিলাম। তবে কোভিডের কারণে প্রায় দুই বছর পিছিয়ে গেছি। গণমাধ্যমের মনোযোগও তখন আমাদের দিকে ছিল। কিন্তু পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারিনি।’
২০১৮ নারী এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের হয়েছে ছন্দপতন। ২০২০, ২০২৩-এই দুই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেননি। শারজায় গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারালেও টুর্নামেন্টে এরপর আর কোনো জয় পায়নি। ২০২২ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেললেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮ দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করেছিল টুর্নামেন্ট।
২০২২ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের আরও অবনতি হয়েছে। ২০২২-এর জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে আট দলের মধ্যে সাত নম্বরে থেকে শেষ করে জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। ব্যাটিংয়েই মূলত ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এখন ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলতে হলে বাছাইপর্ব উতড়াতে হবে তাদের। জ্যোতি বলেন, ‘নিয়মিতভাবে বড় টুর্নামেন্ট খেলার সুযোগ পেলে হয়তো আমাদের বর্তমান অবস্থা অন্যরকম হতে পারত। আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, তবে এখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব আমাদেরই নিতে হবে। নিজেদের সেরা মানসিকতা ও সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে হবে।’
নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা ঈদের ছুটি কাটালেও ছুটি পাননি নারী ক্রিকেটাররা। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলায় হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। জ্যোতি বলেন, ‘ঈদের আগের দিনও আমরা অনুশীলন করেছি। কারণ সবাই জানে এই বাছাইপর্বটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটি দল যখন বিশ্বকাপে খেলে, তখন সেটির প্রভাব ভিন্ন হয়। আইসিসির কাছ থেকেও নানা সুযোগ আসে। আর্থিক দিক থেকেও এটি আমাদের জন্য লাভজনক। গত বিশ্বকাপ খেলার পরই আমরা এফটিপিতে ঢুকেছি। যা আমাদের ক্রিকেটের পরিধি বাড়িয়েছে। ক্রিকেটারদের জন্যও এটি বড় সুযোগ।’
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। জ্যোতির মতে ডেভিড হেম্পের অভিজ্ঞতা পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের উপকার করবে। সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি পাকিস্তান নারী দলের কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাদের কন্ডিশন খুব ভালো বোঝেন। তিনি জানেন, কীভাবে রান করতে হয়, কোন পরিকল্পনায় এগোলে সাফল্য আসতে পারে। আমাদের ব্যাটারদের সঙ্গেও আলাদা আলাদাভাবে কাজ করেছেন। তার অভিজ্ঞতা পাকিস্তানের কন্ডিশনে আমাদের দারুণ সাহায্য করবে।’ সূত্রে জানা গেছে, আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে