মতিঝিলের বাফুফে ভবনে সাধারণত শুক্রবারে কর্মব্যস্ততা একটু কমই থাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ফুটবল ফেডারেশনে এদিন মানুষের আনাগোনাও থাকে কম। শুক্রবারের সেই নীরবতা আজ খানখান হয়েছে ব্যান্ড পার্টি আর শত শত মানুষের কোলাহল ও হইচইয়ের মাধ্যমে।
পেশাদার ফুটবলের নতুন মৌসুমের দলবদল গত মাসে শুরু হলেও ক্লাবগুলো তাদের দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করছে শেষ দিকে এসে। ৭ নভেম্বর শেষ হবে ২০২২-২৩ ফুটবল মৌসুমের দলবদল। তিন দিন আগেই আজ দলবদল সেরে ফেলেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান। গত কয়েক মৌসুমে নীরবে নিভৃতে দলবদল করা সাদা-কালো শিবির এবার ব্যতিক্রম। খেলোয়াড়েরা এসেছেন ঘোড়ার গাড়িতে চড়ে। সঙ্গে এসেছেন শত শত মোহামেডান সমর্থক। ব্যান্ডের তালে উৎসবমুখর বাফুফে ভবন। খেলোয়াড়দের গলায় ফুলের মালা।
দলবদলে উৎসব থাকলেও মোহামেডানের শেষ দশকের খেলার মান পড়তির দিকে। তবে নতুন মৌসুমকে ‘বিশেষ’ মনে করছে সাদা-কালো শিবির। গত কয়েক মৌসুমের তুলনায় এবারের দলটাকে লড়াকু ভাবছে দলটা। খেলোয়াড়দের পেছনে বেশ ভালোই খরচ করেছে মোহামেডানের কর্মকর্তারা।
২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর কখনোই এই শিরোপা জেতা হয়নি মোহামেডানের। ২০১৪ সালের ফেডারেশন কাপের পর জেতা হয়নি কোনো শিরোপাও। নতুন মৌসুমে চার টুর্নামেন্টের অন্তত দুই ট্রফি জয়ের স্বপ্ন সাদা-কালো শিবিরের। সেই স্বপ্নের কথাই শোনালেন মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক, ‘অন্য দলগুলো হয়তো কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। তবে আমি বিশ্বাস করি বিদেশি, জাতীয় দল, অভিজ্ঞ, নতুনদের নিয়ে আমাদের অবশ্যই শিরোপা জেতা সম্ভব।’
সবকিছু মিলিয়ে এবারের দলটাকে নিয়ে শিরোপা জয় সম্ভব বলে মনে করেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর। বললেন, ‘এবার আমরা যথেষ্ট সময় নিয়ে একটা ভালো দল গড়েছি কারণ এবার আমরা আবারও সেরা হতে চাই এবং আমরা আশাবাদী এবার সেই লক্ষ্য পূরণ হবে।’
গত মৌসুমের ১৩ ফুটবলারকে ধরে রেখেছে মোহামেডান। মালিয়ান অধিনায়ক ও গত বিপিএল ফুটবলের সর্বোচ্চ গোল সংগ্রাহক সুলেমান দিয়াবাতের হাতেই থাকছে নেতৃত্ব। পরিচিত খেলোয়াড়দের মধ্যে জাফর ইকবাল ছিলেন জাতীয় দলে। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন এবার মোহামেডানের নতুন সংযোজন। বসুন্ধরা কিংস থেকে এসেছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ব্রাজিল থেকে সেন্টার ব্যাক দুরাতে ডে অলিভিয়েরা রোজার, ভেনেজুয়েলা থেকে ড্যানিয়েল রিকার্ডো, ইরান থেকে মেসাম জাদেহ ও মুজ্জাফরজন মুজারফফারভকে উজবেকিস্তানকে দলে টেনেছে মোহামেডান। সব মিলিয়ে সাদা-কালো শিবিরে নতুন খেলোয়াড়ের সংখ্যা ১৯।
৩৫ জনের দলবদলের কথা থাকলেও মোহামেডান নিবন্ধন করিয়েছে এখন পর্যন্ত ৩২ খেলোয়াড়কে। তিন খেলোয়াড়-রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া ও গোলরক্ষক মো. নাঈমকে নিয়ে বাফুফের কাছে অভিযোগ জানিয়ে রেখেছে মোহামেডান। অগ্রিম টাকা নিয়ে শেষ পর্যন্ত অন্য দলে নাম লিখিয়েছেন এই তিন ফুটবলার, মোহামেডানের অভিযোগ অন্তত তেমনই। মোহামেডানের অভিযোগের ভিত্তিতে ‘প্লেয়ার স্ট্যাটাস’নামের নতুন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান মানিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে