টুর্নামেন্টের আগেই ‘সেরা দল’ তকমাটা আবাহনীর জন্য হয়তো চাপই হয়ে উঠেছিল! গতবার মোহামেডানও এই চাপে ভুগে একটি শিরোপাও ঘরে তুলতে পারেনি। ক্লাব কাপ আর লিগের ‘ডাবল’ জিতেছিল মেরিনার্স। আর এবার কাগজে-কলমের সেরা আবাহনীকে দর্শক বানিয়ে আবারও ক্লাব কাপ হকির শিরোপা জিতেছে সেই মেরিনার্সই।
এই ফাইনালের আগে মাওলানা ভাসানী স্টেডিয়ামের আকাশে-বাতাসে ভাসছিল একটাই শব্দ—প্রতিশোধ। তিন বছর আগে এই ক্লাব কাপের ফাইনালে মেরিনার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল ক্লাব কাপের চারবারের সেরা আবাহনী। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে ঠাসা আকাশি-নীলরা খেই হারাল আবারও ফাইনালে এসে। প্রতিশোধ নিতে গিয়ে উল্টো হেরেছে ২-০ গোলে। মেরিনার্স ক্লাব কাপের শিরোপা জিতল টানা দ্বিতীয়বার।
অথচ টুর্নামেন্টের আগে আর্থিক সমস্যার কথা বলে দলই সাজাতে পারছিল না গতবারের ‘ডাবল’ জেতা মেরিনার্স। শেষ মুহূর্তে সোহানুর রহমান সবুজ, ফজলে হাসান রাব্বীদের মতো জাতীয় দলের খেলোয়াড়দের দলে টানতে পারে দলটি। উল্টোদিকে শক্তিশালী দল প্রস্তুত করে সবার আগে দলবদলও করেছিল ২০১৪ সালে সবশেষ শিরোপা জেতা আবাহনী। কিন্তু তরুণদের নিয়ে সাজানো দল দিয়ে আবাহনীকে কুপোকাত করেছে মেরিনার্স।
যদিও ম্যাচের শুরুটা ভালোই করেছিল আবাহনী। আক্রমণাত্মক কৌশলে চেপে ধরে মেরিনার্সকে। পাঁচ মিনিটের মধ্যে দুইবার মেরিনার্সের রক্ষণ কাঁপিয়ে দেন আশরাফুল-মিমোরা। তবে মেরিনার্সের গোলরক্ষক আবু সাইদ নিপ্পনের দৃঢ়তায় রক্ষা পায় মেরিনার্স।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিতে আক্রমণে উঠতে থাকে মেরিনার্স। পরপর কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে চাপ বাড়ায় আবাহনীর রক্ষণে। তাতেই ২০ মিনিটে এগিয়ে যায় মেরিনার্স। সার্কেলের ভেতর থেকে ভারতীয় ফরোয়ার্ড দীপকের কোনাকুনি হিট আবাহনীর গোলরক্ষককে বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে।
দুই মিনিট পর একটি পেনাল্টি কর্নার নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানায় মেরিনার্স। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট। আম্পায়ার পেনাল্টি কর্নার না দেওয়ায় মাঠের এক কোণে চলে যান মেরিনার্সের খেলোয়াড়েরা। ঝামেলা থামাতে মাঠে নামতে হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদকে। বেশ কিছুক্ষণ আলোচনার পর আম্পায়ার পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন। তবে তা থেকে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী।
তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় মেরিনার্স। পেনাল্টি স্ট্রোক থেকে দলকে এগিয়ে নেন ফজলে হোসেন রাব্বী। তাতে ম্যাচ হেলে পড়ে মেরিনার্সের দিকে। চতুর্থ কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। টানা দুইটি পেনাল্টি কর্নারও পায় তারা। কিন্তু ম্যাচে ফেরার রসদ আর পায়নি। ক্লাব কাপের টানা দ্বিতীয় শিরোপার উৎসবে মাঠে মেরিনার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে