Ajker Patrika

জেলেপল্লিতে আহাজারি

তারিকুল ইসলাম, (পাথরঘাটা) বরগুনা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১: ৫৬
জেলেপল্লিতে আহাজারি

‘সোমবার রাতে স্বপ্নে দেখি, আমার বড় পোলার ট্রলার ডুইবা গেছে, আমার পোলার তো ট্রলার নাই। সে গেছে মানষের ট্রলারে, কী স্বপ্নে দেখলাম আর কী হইল। আমার দুই পোলা মাছ ধরতে যাইয়া নিখোঁজ হইছে। ও আল্লাহ! আমার ছোডো ছোডো নাতিগো দিকে তাকাইয়া আমার কোলে পোলা দুইডারে ফিরাইয়া দাও।’ এমন আহাজারি করছেন মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজ শিকদার ও হাসান সিকদারের মা ফিরোজা বেগম।

ফিরোজা বেগমের মতো এমন আহাজারি চলছে বরগুনার পাথরঘাটার জেলেপল্লিগুলোতে।

লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার তিন শতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঝড়ের কবলে পড়ে এসব জেলে নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফারুক সিকদারের বাড়িতে গিয়ে দেখা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই সন্তানের জন্য আহাজারি করছেন ফিরোজা। গত বুধবার রাতে পাথরঘাটা খাল থেকে মোহাম্মদ ফারুক হোসেনের মালিকানাধীন এফবি ফারুক ট্রলারে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান তাঁরা।

ফিরোজা বেগম জানান, তাঁর ছোট ছেলে হাসান এ বছর প্রথম সাগরে গেছেন। সংসারের ভাগ্য ফেরাতে গিয়ে দুদিন তাঁর ছেলেদের কোনো খোঁজ নেই। সরকারের কাছে তাঁদের উদ্ধারের জন্য অনুরোধ করেন তিনি।

এফবি বাদশাহ ট্রলারে নিখোঁজ রাসেলের (২৫) স্ত্রী আসমা জানান, রাসেল ছাড়া তাঁদের আয়ের আর কোনো উৎস নেই। নিখোঁজ স্বামীর খোঁজ পাবেন কি না, এমন শঙ্কায় দিন কাটছে তাঁর।

ঝড়ের কবল থেকে ফিরে আসা এফবি মহসিন আউলিয়া-৩ ট্রলারের মাঝি হোসেন আকন বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আকাশের অবস্থা এমন অন্ধকার ছিল, মনে হচ্ছিল রাত ১০টা বাজে। এর কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হলেও হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়ে ক্রমেই বাড়তে থাকে। এরপর সাগর উত্তাল হলে রাত ৩টার দিকে ঘাটের উদ্দেশে রওনা হই।’ তিনি বলেন, ‘যেখানে ঘাটে আসতে সময় লাগে ৩ ঘণ্টা, সেখানে লেগেছে ১২ ঘণ্টার বেশি।’ গভীর বঙ্গোপসাগর থেকে ফিরে আসার সময় বেশ কয়েকটি ট্রলার ডুবে থাকতে দেখেছেন বলে জানান তিনি।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম আকন জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার এফবি বাদশাহ, এফবি সানাউল, এফবি নুরুল আমিন, এফবি মা-বাবার দোয়া, এফবি মিন্টু, এফবি সরোয়ার, এফবি মায়ের দোয়া, এফবি আল আমিনসহ ৩০টি ট্রলারের মাঝিমাল্লাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, সম্ভবত নিখোঁজ ট্রলারগুলো ঝড়ের কবলে পড়ে ভারতের জলসীমায় প্রবেশ করেছে। এর আগেও ঝড়ের কবলে পড়ে এফবি মা ফাতেমা ট্রলারের ১১ মাঝিমাল্লা ভারত সীমান্তে ঢুকে যায়।

পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট মুমিনুল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া দেড় শতাধিক জেলের তালিকা পেয়েছি। আরও নিখোঁজের সংবাদ পাচ্ছি। আমাদের বিভিন্ন স্টেশনের কোস্টগার্ড সদস্যরা খোঁজখবর নিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত