আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে ইউরিয়া কিংবা নন-ইউরিয়া সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
দেশে কৃষির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও সম্প্রতি বন্যায় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা তুলে ধরেন কৃষিসচিব। সারের বর্তমান মজুত সম্পর্কে সচিব বলেন, ‘দেশে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সারের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই। সার আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে এখনো কিছুটা সমস্যা রয়েছে। এলসি জটিলতা সমাধানের চেষ্টা চলছে। ব্যাংকগুলোতে এলসি খোলায় শতভাগ মার্জিন দিতে হচ্ছে।’
সচিব আরও বলেন, ‘বন্যায় ২৩টি জেলার ১৪ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মূলত ১১টি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রণোদনার অর্থ জেলাগুলোর কৃষকদের টার্গেট করেই দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত জেলা এবং আশপাশের জেলাগুলোর কৃষি বিভাগের অব্যবহৃত জায়গায় রোপা আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এসব বীজ আমন চাষিদের দেওয়া হবে।’
সচিব এমদাদ উল্লাহ বলেন, ‘বন্যায় পুনর্বাসনের আওতায় ৯টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে এক বিঘা জমি চাষের জন্য বিনা মূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, ১০ কেজি করে সার সহায়তা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ এক হাজার করে দেওয়া হবে। বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষে ২২টি জেলায় দেড় লাখ কৃষককে বিভিন্ন জাতের সবজির বীজ ও নগদ এক হাজার করে দেওয়া হবে।’
বন্যার কারণে দেশে খাদ্যঘাটতি পড়ার সম্ভাবনা রয়েছে কি না, এ বিষয়ে সচিব বলেন, ‘আগামী মৌসুমে বোরো উৎপাদনে কোনো সমস্যা না হলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সংকট হবে না। তাই এখন আমাদের টার্গেট আগামী বোরো মৌসুমে ভালো উৎপাদন করা।’
কৃষি মন্ত্রণালয় জানায়, গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্যায় ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধান, সবজি, ফলমূলসহ প্রায় ১০ লাখ টন উৎপাদন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৩ হাজারর ৩৪৬ কোটি টাকা। বন্যায় মোট তিন লাখ ৭২ হাজার ৭৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে বর্তমানে ৪ লাখ ৬১ হাজার টন ইউরিয়া, ৩ লাখ ২২ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৫৭ হাজার টন ডিএপি এবং ৪ লাখ ৩৭ হাজার টন এমওপি সার মজুত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কয়েকটি ধাপে ১৯৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাওসার আজম, অর্থ সম্পাদক আয়নাল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শওকত আলী পলাশ, কার্যনির্বাহী সদস্য মুন্না রায়হান ও হরলাল রায় সাগর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে